Yashasvi Jaiswal

৩৪ বছরের কোন পুরনো রেকর্ড ভাঙার অপেক্ষায় যশস্বী? জানলে চমকে উঠবেন

শীর্ষে যাওয়ার অপেক্ষায় যশস্বী জয়সওয়াল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৪, ২১:০৭

options
link
৩৪ বছরের কোন পুরনো রেকর্ড ভাঙার অপেক্ষায় যশস্বী? জানলে চমকে উঠবেন
ছবি: এক্স হ্যান্ডেল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চলতি সিরিজে ফর্মের তুঙ্গে রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এখনও পর্যন্ত চার টেস্টের আট ইনিংসে সর্বাধিক ৬৫৫ রান করে ফেলেছেন টিম ইন্ডিয়ার (Team India) বাঁহাতি ওপেনার। সর্বোচ্চ অপরাজিত ২১৪ রান। গড় ৯৩.৫৭। সঙ্গে রয়েছে ২টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি। এবং স্ট্রাইক রেট ৭৮.৬৩। দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে এহেন যশস্বী গড়েছেন একাধিক রেকর্ড।

Advertisement

রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) নজির ভেঙে দেওয়ার পাশাপাশি তিনি বিরাট কোহলির (Virat Kohli) রেকর্ড ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছেন। বিরাট ও দ্রাবিড়ের পর যশস্বী হলেন তৃতীয় ভারতীয়, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও একটি টেস্ট সিরিজে ৬০০-র বেশি রান করেছেন। তবে এখানেই এই তরুণ থেমে থাকতে রাজি নন। এবার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) এবং গ্রাহাম গুচের (Graham Gooch) বিশেষ রেকর্ড নিজের নামে করার অপেক্ষায় বাঁহাতি ওপেনার। সেই পরিসংখ্যান সংবাদ প্রতিদিন.ইন-এর পাঠকদের জন্য তুলে ধরা হল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ঘরের মাঠে লক্ষ্য তিন পয়েন্ট, খালিদের জামশেদপুরকে ডার্বির সমান গুরুত্ব হাবাসের]

গ্রাহাম গুচের রেকর্ড নিজের নামে করার হাতছানি: ১৯৯০ সালে ভারতের বিরুদ্ধে তিন টেস্টের ছয় ইনিংসে ৭৫২ রান করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। গড় ১২৫.৩৩। লর্ডস টেস্টের দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ৩৩৩ ও ১২৩ রান। এর পর ওল্ড ট্র্যাফোর্ডে আয়োজিত দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে গুচ করেছিলেন ১১৬। এছাড়া সেই সিরিজে আরও দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন গুচ। ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজে এখনও পর্যন্ত এটাই কোনও ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রান। সেই রেকর্ড নিজের নামে করতে হলে ধরমশালা টেস্টে যশস্বীকে আরও ৯৮ রান করতে হবে।

Advertisement

সুনীল গাভাসকরের রেকর্ড ভেঙে দেওয়ার অপেক্ষায় যশস্বী: ১৯৭৮-৭৯ মরশুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৩২ রান করেছিলেন লিটল মাস্টার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে এটাই কোনও ভারতীয় ব্যাটারের সর্বাধিক রান। সেবার ছয় টেস্টের নয় ইনিংসে সানি একটি ডবল সেঞ্চুরি ও তিনটি সেঞ্চুরি করেছিলেন। গড় ৯১.৫০। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২০৫ রান করেছিলেন গাভাসকর। এর পর ইডেন গার্ডেন্সে দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ১০৭ ও অপরাজিত ১৮২। দিল্লিতে ১২০ রান করেছিলেন সিনিয়র গাভাসকর। এই রেকর্ড ভাঙতে হলে বেন স্টোকসদের বিরুদ্ধে পঞ্চম টেস্টে যশস্বীকে আরও ৭৮ রান করতে হবে।

বিরাটের রেকর্ড ছুঁয়ে ফেলা: ২০১৬-১৭ মরশুমে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে কার্যত একাই হারিয়ে দিয়েছিলেন বিরাট। পাঁচ ম্যাচের আট ইনিংসে তাঁর রান ছিল ৬৫৫। সর্বোচ্চ ২৩৫। গড় ১০৯.১৬। সঙ্গে দুটো সেঞ্চুরি, দুটো হাফসেঞ্চুরি ছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে করেছিলেন সিরিজের সর্বোচ্চ ২৩৫ রান। এছাড়া ভাইজ্যাগে কিং কোহলির ব্যাট থেকে এসেছিল ১৬৭ রান। রাঁচি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে আউট হন যশস্বী। ফলে এখনও পর্যন্ত সিরিজে ৬৫৫ রান করে বিরাটকে তিনি ছুঁয়ে ফেলেছেন। 

দ্রাবিড়কে টপকে যাওয়া: রাহুল দ্রাবিড় ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই চার টেস্টের ছয় ইনিংসে ৬০২ করেছিলেন। গড় ১০০.৩৩। সঙ্গে ছিল নটিংহ্যামের দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানো ১১৫। হেডিংলে-তে ম্যাচ জেতানো ১৪৮। আর ওভালে ‘দ্য ওয়াল’-এর ব্যাট থেকে এসেছিল ২১৭। যশস্বী চলতি সিরিজে ইতিমধ্যেই ৬৫৫ রান করে বর্তমান হেড কোচকে টপকে গিয়েছেন।

[আরও পড়ুন: গড়াপেটার অভিযোগে তোলপাড় ময়দান, কলঙ্কের দিনেও ‘নীরব’ প্রেসিডেন্ট]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.