FIFA World Cup 2026

‘নিষিদ্ধ পতাকা’র পোশাকে মাঠে ঢুকতে গিয়ে আটক, ইরান-বেলজিয়াম ম্যাচেও এড়ানো গেল না বিতর্ক

বিশ্বকাপে ইরান নিয়ে মার্কিনভূমে বিড়ম্বনা যেন কাটছেই না। র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ উপরে থাকা বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।

Advertisement ad
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৫:১৫

options
link
‘নিষিদ্ধ পতাকা’র পোশাকে মাঠে ঢুকতে গিয়ে আটক, ইরান-বেলজিয়াম ম্যাচেও এড়ানো গেল না বিতর্ক zoom
ইরান-বেলজিয়াম ম্যাচেও এড়ানো গেল না বিতর্ক। ছবি সংগৃহীত।

বিশ্বকাপে (FIFA World Cup 2026) ইরান নিয়ে মার্কিনভূমে বিড়ম্বনা যেন কাটছেই না। র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ উপরে থাকা বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। ফলে নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা এখনও জিইয়ে রেখেছে তারা। যদিও এই ম্যাচেও আলোচনায় মাঠের বাইরের ঘটনা।

বর্তমান ইসলামি শাসনের বিরোধী এবং বিপ্লব-পরবর্তী সময়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া ইরানিদের কাছে সেই ‘সিংহ-সূর্য’ পতাকা এখন প্রতিবাদের অঙ্গ। বিভিন্ন সময়েই দেশের বাইরে ইরানের ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছে এই পতাকার উপস্থিতি। বেলজিয়াম ম্যাচেও দেখা গেল একই ছবি। ইরানের ‘সিংহ-সূর্য’ পতাকার পোশাক পরে মাঠে ঢোকার চেষ্টা করেন এক সমর্থক। তাঁকে আটক করা হয়। স্টেডিয়ামের বাইরে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে এক সমর্থকের ঝামেলায় জড়ান। পরে আহত ওই ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Iranian fan at a unique protest during the FIFA World Cup 2026
ছবি সংগৃহীত।

এরই মধ্যে নতুন বিতর্ক মার্কিন কর্মকর্তাদের এক মন্তব্যকে ঘিরে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির অফিসার মার্কওয়েন মুলিন দাবি করেন, ইরানের কয়েকজন প্রতিনিধি আমেরিকা ঢোকার চেষ্টা করেছিলেন। যাঁদের সঙ্গে ইরানের রেভলিউশনারি গার্ডের সম্পর্ক ছিল। তবে ইরান ফুটবল ফেডারেশন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

বিশ্বকাপের শুরু থেকেই ইরানের অভিযোগ, রাজনৈতিক কারণে তাদের বাড়তি সমস্যার মুখে পড়তে হচ্ছে। আমেরিকার বদলে মেক্সিকোতে অনুশীলন করতে হচ্ছে ফুটবলারদের। ইরানের উপর নিষেধাজ্ঞা জারি রেখেছে আমেরিকা। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও অন্যদেশ থেকে আমেরিকায় ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করতে হবে ইরানকে। এমনকী বেলজিয়াম ম্যাচের ঠিক ২৭ মিনিট পরেই আমেরিকা ছাড়তে হবে মেহেদি তারেমিদের। এমন নির্দেশ দেওয়া হয়।

FIFA World Cup 2026: Iranian fans thank Mexico for hosting their national team
ছবি সংগৃহীত।

লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্রয়ের পর রীতিমতো ‘ঘাড়ধাক্কা’ দেওয়া হয় ইরান ফুটবল দলকে। শুধুমাত্র ম্যাচের সময়টুকুর জন্য মার্কিন ভিসা পেয়েছে ইরান। বাকি সময়টা মেক্সিকোয় থাকছে। অনেকের মতে, এভাবে যাতায়াত করে ফুটবল খেলা শুধু অমানবিক নয়, অপেশাদারও। এমনকী ইরানের ফুটবল ফেডারেশন থেকে ফিফার কাছে বিধিনিষেধ কমানোর আবেদন করা হয়। কিন্তু তাতে কানই দেয়নি ট্রাম্প প্রশাসন। জানিয়ে দেওয়া হয়েছে, ইরানের জন্য এই ব্যবস্থাই চলবে। ইরানের পরের ম্যাচ মিশরের বিরুদ্ধে ওয়াশিংটনে।

বেলজিয়াম ম্যাচের পর ইরানের ফুটবলার আলিরেজা জাহানবাখশ বলেন, “আমরা কেবল অন্য দলগুলোর মতো একই সুযোগ-সুবিধা চাই। এর বেশি কিছু নয়।” তিনি জানান, এখন দলের লক্ষ্য দ্রুত সিয়াটলে পৌঁছে মিশরের বিরুদ্ধে পরের ম্যাচের প্রস্তুতি নেওয়া। স্টেডিয়ামের বাইরে কয়েকশো মানুষ ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তবে আগের ম্যাচের তুলনায় এদিনের পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল। ইরানি বংশোদ্ভূত শামিরা ঘায়েমমাঘামি বলেন, “খেলাধুলা মানুষকে বিভক্ত নয়, এক হতে শেখায়। এর সঙ্গে রাজনীতিকে আলাদা রাখাই ভালো।”

FIFA World Cup 2026: Mexican fans hold a poster that mentions Iran
ছবি সংগৃহীত।

অন্যদিকে বিক্ষোভকারী আরমান শরিফের বক্তব্য, “আমাদের সমর্থন ইরানের প্রতিপক্ষ দলের বিরুদ্ধেই থাকবে। কারণ এখনকার দলটিকে সরকারের ঘনিষ্ঠ বলে মনে করি।” উল্লেখ্য, ইরানের বর্তমান সরকার ‘সিংহ-সূর্য’ পতাকাকে ‘দেশবিরোধী’ হিসাবে চিহ্নিত করেছে। তারা আবার বিশ্বকাপ খেলতে যাওয়ার শর্ত হিসাবে ফিফাকে জানিয়েছিল, তাদের জাতীয় পতাকাকে অসম্মান করা চলবে না। তবে বিশ্বকাপে তারা মার্কিন মাটিতে নামলেও বিতর্ক এড়ানো যায়নি।

এদিকে স্টেডিয়ামে ইরানের পাশাপাশি বেলজিয়াম, আর্জেন্টিনা, আমেরিকা ও মেক্সিকোর সমর্থকদেরও দেখা যায়। নজর কেড়েছেন মেক্সিকোর সমর্থকেরা। ম্যাচ চলাকালীন তারা একটি পোস্টার তুলে ধরেন। সেখানে লেখা, ‘ইরান, ভাই, তুমি এখন মেক্সিকান।’ ছবিতে দেখা যায়, মেক্সিকোর জার্সি পরা তিন সমর্থক হাসিমুখে পোস্টারটি তুলে ধরে উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেক ইরানি সমর্থক মেক্সিকোকে ধন্যবাদও জানিয়েছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন