FIFA World Cup 2026

বিশ্বকাপের বাকি ৪ দিন, ইরানের ভিসা জট অব্যাহত, মার্কিন মুলুকে মিলল না প্রবেশাধিকার!

ইরানি ফুটবলারদের ভিসা দেওয়া নিয়ে দীর্ঘ টালবাহানা করেছে মার্কিন প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে গত ফেব্রুয়ারি মাস থেকে যুদ্ধ চলছে ইরানের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ০১:১০

options
link
বিশ্বকাপের বাকি ৪ দিন, ইরানের ভিসা জট অব্যাহত, মার্কিন মুলুকে মিলল না প্রবেশাধিকার!
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে গত ফেব্রুয়ারি মাস থেকে যুদ্ধ চলছে ইরানের। প্রতীকী ছবি।

এক নয়, দুই নয়, এক ডজন ইরানি ফুটবল কর্তার ভিসা আটকে দিল মার্কিন যুক্তরাষ্ট্র সরকার! তাঁরা ২০২৬ বিশ্বকাপ দেখতে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যাবেন বলে ঠিক করেছিলেন। পুরো ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বিশ্বকাপ শুরুর চার দিন আগে। উল্লেখ্য, ব্যাপক ডামাডোলের পর ইরানের জাতীয় দলের ফুটবলারদের ভিসা মঞ্জুর করেছে ডোনাল্ড ট্রাম্প সরকার।

Advertisement

শনিবার ইরানি সংবাদসংস্থা ‘তাসনিম’-এর খবর অনুয়ায়ী, ১২ থেকে ১৪ জন ইরানি আধিকারিকের ভিসা বাতিল করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন দফতর। ‘ভুক্তভোগী’-রা ঠিক করেছেন, আপাতত তাঁরা মেক্সিকো যাবেন জাতীয় দলের সঙ্গে। সেখান থেকে মার্কিন ভিসার পুনরায় আবেদন করবেন। জানা গিয়েছে, এই আধিকারিকদের মধ্যে রয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হেদায়াত মোমবেইনি এবং ভাইস প্রেসিডেন্ট মেহদি মহম্মদ নবি। জাতীয় দলের বেশ কয়েকজন সাপোর্ট স্টাফও ভিসা পাননি।

Advertisement

উল্লেখ্য, ইরানি ফুটবলারদের ভিসা দেওয়া নিয়েও দীর্ঘ টালবাহানা করেছে মার্কিন প্রশাসন। বিশ্বকাপ শুরুর মাত্র পাঁচ দিন আগে ইরানের ফুটবলারদের ভিসা মিলেছে। হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, ইরান দলের সকল সদস্যের ভিসা অনুমোদিত হয়েছে। তিনি বলেন, “আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর ইরানের ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফ-সহ সবাইকে ভিসা দেওয়া হয়েছে। বিষয়টি তাদের জানিয়ে দেওয়া হয়েছে।” তারপরেই প্রকাশ্যে আসে, প্রচুর আধিকারিকদের ভিসার আবেদন বাতিল করা হয়েছে।

Advertisement

কেন এমন হেনস্থা, সহজেই অনুমেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে গত ফেব্রুয়ারি মাস থেকে যুদ্ধ চলছে ইরানের। যার উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আপাতত ঘাঁটি গাড়ার কথা রয়েছে ইরানের। আমেরিকার সঙ্গে যুদ্ধ পরিস্থিতির জেরে নিজেদের বেসক্যাম্প ট্রাম্পের দেশ থেকে মেক্সিকোয় সরিয়ে নিয়ে গিয়েছিল ইরান। উল্লেখ্য, বিশ্বকাপে ‘জি’ গ্রুপে রয়েছে ইরান। তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড (১৬ জুন), বেলজিয়াম (২২ জুন) এবং মিশর (২৭ জুন)। তিনটি ম্যাচই খেলা হবে আমেরিকায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.