Germany Football Team

জার্মানি বিশ্বকাপে ফেভারিট নয়, মেনে নিচ্ছেন দলের অন্যতম সেরা তারকা

২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে বিদায়। ২০২২ কাতার বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া। ২০১৪-তে চ্যাম্পিয়ন হওয়ার পর গত দু'টি বিশ্বকাপে জার্মানির পারফরম্যান্স অতীব খারাপ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ২০:৩৫

options
link
জার্মানি বিশ্বকাপে ফেভারিট নয়, মেনে নিচ্ছেন দলের অন্যতম সেরা তারকা
অনুশীলনে জার্মানি দল। ফাইল ছবি।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে বিদায়। ২০২২ কাতার বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া। ২০১৪-তে চ্যাম্পিয়ন হওয়ার পর গত দু’টি বিশ্বকাপে জার্মানির (Germany Football Team) পারফরম্যান্স অতীব খারাপ। ২০২৬ বিশ্বকাপে (FIFA World Cup 2026) চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বজয়ী হওয়ার প্রধান দাবিদারদের তালিকায় রাখা হয়নি।

Advertisement

গত দুই বিশ্বকাপের ব্যর্থতা জার্মানির ফুটবলারদের এখনও যন্ত্রণা দেয়। এবারের বিশ্বকাপে নিজেদের হৃতসম্মান পুনরুদ্ধার করার লক্ষ্য নিয়েই জার্মানি মাঠে নামছে, একথা জানিয়ে দিলেন মিডফিল্ডার লিওন গোরেৎজকা। বিশ্বকাপ শুরুর তিনদিন আগে জার্মান তারকা ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “অবশ্যই আমরা যাবতীয় ভুলত্রুটি শুধরে নিতে চাই। অতীতের স্মৃতিগুলি এখন সেভাবে কষ্ট না দেয় না। কিন্তু সমর্থকদের মনে ওই স্মৃতিগুলি এখনও টাটকা। আমাদের উপর থেকে তাঁদের বিশ্বাস অনেকটাই কমে গিয়েছে। আমরা সমর্থকদের বিশ্বাস অর্জন করতে, মন জয় করতে বদ্ধপরিকর। এটাই আমাদের প্রেরণা। আমার ক্ষেত্রে একথা যেমন প্রযোজ্য, তেমনই গোটা দলের ক্ষেত্রেও। নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। সঙ্গে একথাও সত্যি যে, অতীতের ব্যর্থতাকে মাথায় রাখলে কোনও লাভ হয় না। আমরা সামনে তাকাতে চাই। সামনে যে সুযোগ আসছে, তাকে কাজে লাগাতে হবে। আমরা জানি, আমাদের দলটা বেশ ভালো।”

Advertisement

এই মুহূর্তে জার্মানি বিশ্বর‍্যাঙ্কিংয়ে দশম স্থানে আছে। তারা কি এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার? এর জবাবে জার্মান মিডফিল্ডার বলেন, “আগের টুর্নামেন্টগুলির থেকে এবারের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। সত্যি কথা বলতে দ্বিধা নেই, আমরা চ্যাম্পিয়ন হওয়ার প্রধান দাবিদারদের মধ্যে থাকব না। তবে ফুটবল ঐতিহ্য, অতীতের পরিসংখ্যানের ভিত্তিতে আমাদের উপর প্রত্যাশা রয়েছে। দলে বেশ কয়েকজন তারকা ফুটবলার আছে। আমরা যদি সবাই ফিট এবং ফর্মে থাকি, তা হলে এই বিশ্বকাপে আমরা অনেক কিছুই করতে সক্ষম হব। এই বিশ্বাস আমার আছে। তবে হ্যাঁ, আমরা হট ফেভারিটদের তালিকায় নেই।”

Advertisement

তিনি একইসঙ্গে জানিয়েছেন, দলের মানসিকতা দারুণ জায়গায় আছে। সম্প্রতি সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জার্মানি পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় পেয়েছে। যা জার্মানির পরিচিত ‘হার না মানা’ মনোভাব আরও একবার সামনে এনে দিয়েছে। যদিও ফের গোরেৎজকা মনে করিয়ে দিয়েছেন, সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে, জার্মানিকে ফেভারিটের আসনে বসানোটা উচিত হবে না। তাঁর বক্তব্য, “ভাগ্য যদি সঙ্গে থাকে, সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারি।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.