FIFA World Cup 2026

বিশ্বকাপ স্বপ্ন ভাঙতেই শাস্তির খাঁড়া! আর্জেন্টিনার প্রতিপক্ষদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ফিফার

'অপরাধী' এবং তাঁদের 'অপরাধের' তালিকা তৈরি। ১৯ জুলাইয়ের পর করা হবে পদক্ষেপ। এঁদের প্রত্যেকের বিশ্বকাপ অভিযান শেষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৪:১১

options
link
বিশ্বকাপ স্বপ্ন ভাঙতেই শাস্তির খাঁড়া! আর্জেন্টিনার প্রতিপক্ষদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ফিফার
বিশ্বকাপে রেফারিং নিয়ে ক্ষোভের বিস্ফোরণ হয়েছে বহুবার।

ইংল্যান্ড কোচ টমাস টুখেল। মিশর কোচ হোসেম হাসান। সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকাজি। মিশরের ফরোয়ার্ড মোস্তাফা জিকো। ‘অপরাধী’ এবং তাঁদের ‘অপরাধের’ তালিকা তৈরি। ১৯ জুলাইয়ের পর করা হবে পদক্ষেপ। এঁদের প্রত্যেকের বিশ্বকাপ (FIFA World Cup 2026) অভিযান শেষ। কিন্তু মেগা টুর্নামেন্টে নানা কর্মকাণ্ডের জেরে এবার সকলের উপরেই নেমে আসতে পারে ফিফার শাস্তির খাঁড়া।

Advertisement

উপরে উল্লেখিত সকলের ‘অপরাধ’ মোটামুটি একই। বিশ্বকাপে রেফারিং নিয়ে ক্ষোভের বিস্ফোরণ করা। টুখেল করেছিলেন শেষ আটে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচের পর। বাকি তিনজনের নিশানায় ছিল আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচে নেওয়া রেফারির সিদ্ধান্ত। প্রতিযোগিতা শেষ হওয়ার পরই তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পর্ব শুরু হবে বলে শোনা যাচ্ছে ফিফার অন্দরে। রেফারির রিপোর্টের ভিত্তিতে করা হবে পদক্ষেপ। মেক্সিকো ম্যাচে জ্যারেল কোয়ানসাকে লাল কার্ড দেখানো নিয়ে চটেছিলেন টুখেল। রেফারি আলিরেজা ফাঘানির সমালোচনা করে তিনি বলেন, “রেফারিং ভালো হয়নি। যে কোনও দল যে কোনও মুহূর্তে ছিটকে যেতে পারে এমন রেফারির জন্য।”

Advertisement

তবে সবচেয়ে বিতর্কিত সমালোচকের তকমা নিশ্চিতভাবেই পাবেন মিশর কোচ হাসান ও তাঁর ছাত্র জিকো। শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে হারার পর ফরাসি রেফারি ফ্রাসোয়াঁ লেটেক্সিয়েরকে নিয়ে রীতিমতো ক্ষোভের বিস্ফোরণ হয়েছে তাঁদের। হাসানের কথায়, “খেলা শুরুর আগেই ম্যাচের ফলাফল নির্ধরিত হয়ে গিয়েছিল। মাঠের ভিতরে সেভাবেই চলেছে সবটা। ম্যাচের আগে রেফারিকে প্রভাবিত করার কাজে আর্জেন্টিনা যে সফল, দেখতেই পাচ্ছি। ওদের চাপেই এই ফলাফল হল।” জিকো আবার শোনান, “রেফারিই আমাদের যাবতীয় পরিশ্রম অর্থহীন করে দিলেন।” এবার সেই সব কথার জন্য শাস্তি পেতে চলেছেন তাঁরা।

Advertisement

সেমিফাইনালে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁও। তাঁর বক্তব্য, “আমার একটা প্রশ্ন আছে। যেটার উত্তর আমি দেব না। এই রেফারি কি আদৌ বিশ্বকাপ সেমিফাইনালে খেলানোর যোগ্য? হেরে গিয়েছি বলে বলছি না। অনেক সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গিয়েছে।” তিনিও কি শাস্তির আওতায় পড়বেন?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.