East Bengal FC

আইএসএলের আগে বিরাট চমক, প্রাক্তন মোহনবাগানিকে সই করাল ইস্টবেঙ্গল

আইএসএলের লিগ শিল্ড, কাপ, সুপার কাপ সবই জিতেছেন তিনি। অতীতে মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি, এফসি গোয়া, জামশেদপুরের হয়ে খেলেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ১২:৩৯

options
link
আইএসএলের আগে বিরাট চমক, প্রাক্তন মোহনবাগানিকে সই করাল ইস্টবেঙ্গল
রেনিয়ের ফার্নান্ডেজ। ফাইল ছবি।

দলবদলের বাজারে বড় চমক দিল ইস্টবেঙ্গল। জাতীয় দলে খেলা অভিজ্ঞ অ্যাটাকিং মিডিও রেনিয়ের ফার্নান্ডেজকে সই করাল লাল-হলুদ শিবির। ৩০ বছরের রেনিয়ের দুর্দান্ত ছন্দে। সদ্য সমাপ্ত ডুরান্ড কাপেও হ্যাটট্রিক করেছেন। তাঁর যোগদানে ইস্টবেঙ্গলের আক্রমণভাগ বেশ শক্তিশালী হল।

Advertisement

এমনিতে সময়টা বেশ ভালো যাচ্ছে ইস্টবেঙ্গলের। গত মরশুমে টানটান লড়াইয়ের পর আইএসএল জয়। এই মরশুমের শুরুতেই ডুরান্ড চ্যাম্পিয়ন, কলকাতা লিগেও ভালো ছন্দে দল। আক্রমণভাগের ফুটবলাররা বেশ ভালো ফর্মেই রয়েছেন। তবে আইএসএল, এএফসি কাপ, আইএফএ শিল্ড, সুপার কাপ, অনেকগুলি প্রতিযোগিতা একসঙ্গে খেলতে হবে লাল-হলুদ শিবিরকে। তাই মাঝমাঠ এবং আক্রমণভাগে গভীরতা বাড়ানো জরুরি। সেকারণেই অভিজ্ঞ রেনিয়েরকে এক বছরের চুক্তিতে সই করাল লাল-হলুদ শিবির।

Advertisement

রেনিয়ের দীর্ঘদিন আইএসএলে খেলছেন। আইএসএলের লিগ শিল্ড, কাপ, সুপার কাপ সবই জিতেছেন তিনি। অতীতে মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি, এফসি গোয়া, জামশেদপুরের হয়ে খেলেছেন। ডুরান্ডেও জামশেদপুরের জার্সিতেই নেমেছিলেন। কিন্তু জামশেদপুর দল তুলে নেওয়ার পর তাঁকে সই করাল ইস্টবেঙ্গল। জাতীয় দলের হয়েও গোটা পাঁচেক ম্যাচ খেলেছেন তিনি।

Advertisement

তাৎপর্যপূর্ণ বিষয় হল অতীতে কলকাতা ময়দানেও খেলে গিয়েছেন মুম্বইয়ের ওই মিডফিল্ডার। এক দশক আগে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের জার্সি গায়ে চাপিয়েছিলেন। বছর দুই সবুজ-মেরুন জার্সিতে খেলেন। মোট ১৯টি ম্যাচ মোহনবাগানের হয়ে খেলেছেন। ফলে কলকাতা ময়দান ভালো চেনেন রেনিয়ের। আগামী দিনে কোচ হাবাসের সম্পদ হতে পারেন তিনি। এডমুন্ড, বিষ্ণু, বিপিন, মহেশদের পাশে মাট কাঁপাতে প্রস্তুত রেনিয়ের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.