পরাক্রমী চিনকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা হকি দল

শুভেচ্ছা জানান ভারতীয় মহিলাদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০১৭, ১১:৪৭

options
link
পরাক্রমী চিনকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা হকি দল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন হয়েছিল পুরুষ দল। এবার এশিয়া সেরার শিরোপা ছিনিয়ে নিল ভারতের মহিলা হকি দলও। রবিবার জাপানের কাকামগিগাহারাতে অনুষ্ঠিত নবম এশিয়া কাপের ফাইনালে সাডেন ডেথে ৫-৪ গোলে তাঁরা হারাল প্রবল পরাক্রমী চিনকে। এই নিয়ে ২০০৪ সালের পর ফের একবার চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। সেই সঙ্গে ২০০৯ সালে এশিয়া কাপের ফাইনালে হারের মধুর প্রতিশোধও নিয়ে ফেলল। এর পাশাপাশি ২০১৮ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করে ফেললেন তাঁরা।

Advertisement

 

Advertisement

[দেশের জার্সি গায়ে জাতীয় সংগীত শুনেই চোখে জল এই ক্রিকেটারের]

এর আগে গ্রুপ পর্যায়েও চিনের মুখোমুখি হয়েছিল ভারত। সেখানে ৪-১ ব্যবধানে জয় পেয়েছিলেন গুরজিত কউররা। কিন্তু ফাইনালের লড়াই সবসময়ই অন্যরকম হয়। আর এদিনও তাই হয়েছিল। মহিলাদের হকিতে চিন বরাবরই শক্ত প্রতিপক্ষ। খেলার শুরুতেও তাই আক্রমণ-প্রতি আক্রমণে খেলা চলতে থাকে। প্রথম কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। তবে ম্যাচের ২৫ মিনিটে নভজ্যোত কৌর দুর্দান্ত ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন। বেশ কিছুক্ষণ ১-০ গোলে এগিয়ে ছিল ভারত। কিন্তু ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল শোধ করেন চিনের তিয়ানতিয়ান লুও। শেষপর্যন্ত ১-১ ব্যবধানেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এরপরই খেলা গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। সেখানেও ফলাফল সমান সমান থাকে। অবশেষে সাডেন ডেথে চিনের লিয়াং মেইয়ু গোল করতে ব্যর্থ হলে ৫-৪ গোলে জয়লাভ করে ভারত।

[সতীর্থরা কীভাবে সেলিব্রেট করলেন বিরাটের জন্মদিন?]

এই টুর্নামেন্টের প্রথম থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতের মহিলা হকি দল। গ্রুপ পর্যায়ে সিঙ্গাপুর (১০-০), চিন (৪-১) এবং মালয়েশিয়া (২-০)-কে হারানোর পর কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছেন রানি রামপালরা। এরপর সেমিফাইনালে জাপানকে তাদেরই ঘরের মাঠে ৪-২ গোলে হারান গুরজিত কউররা। এদিন চতুর্থ এশিয়া কাপের ফাইনালে খেলতে নেমেছিল ভারতীয় মহিলা হকি দল। ২০০৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ১৯৯৯ এবং ২০০৯ সালে হয়েছিল রানার্স। কয়েকদিন আগেই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় পুরুষ হকি দল। আর এবার মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে গড়লেন এক অনন্য নজির। এর আগে একমাত্র দক্ষিণ কোরিয়াই এই কৃতিত্ব স্থাপন করতে পেরেছে। ১৯৯৪ সালে তাঁদের পুরুষ এবং মহিলা হকি দল একসঙ্গে এশিয়া সেরা হয়ে নজির গড়েছিল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.