সাম্প্রতিক সময় কলকাতা লিগ চ্যাম্পিয়নশিপ (CFL) নিয়ে এরকম নাটক হয়েছিল, ময়দানে খুব একটা কেউ মনে করতে পারছেন না। অঙ্ক বলছে, শেষ রাউন্ডে ফলের ভিত্তিতে ট্রফি জয়ের সম্ভাবনা রয়েছে পাঁচ দলের। তিন প্রধানের সঙ্গে যে দৌড়ে প্রবলভাবে রয়েছে ভবানীপুর ও ইউনাইটেড স্পোর্টস। বারাসত স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হবে মোহনবাগান-মহামেডান। এই ম্যাচটি লিগ চ্যাম্পিয়নশিপের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যদি ফয়সলা হয়ে যায়, অর্থাৎ যারা জিতবে তারাই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। তবে যদি এই ম্যাচ ড্র হয়ে যায়, তা হলে অন্য ম্যাচগুলোর ফলাফলের ভিত্তিতে লিগ চ্যাম্পিয়ন হতে পারে বাকি তিন দলও।
আরও পড়ুন:
একমাত্র কোল ইন্ডিয়াই চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে মোহনবাগান ড্র করেও চ্যাম্পিয়ন হতে পারে। সে ক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে বাকি দুই ম্যাচের ফলাফলের দিকে। তবে মহামেডানকে লিগ চ্যাম্পিয়ন হতে গেলে এই ম্যাচ জিততেই হবে। শুক্রবার মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু বলছিলেন, “আমরা অন্য দলের ফলাফলের দিকে তাকাতে চাই না। সরাসরি জিতে চ্যাম্পিয়ন হতে চাই। তবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচে ইউনাইটেডের কাছে আটকে গিয়ে চাপ বেড়েছে মোহনবাগানের, তা বলাই বাহুল্য। এই ম্যাচে নামার আগে আপুইয়া, অভিষেক সিং, মেহতাব সিংরা চলে গিয়েছেন জাতীয় শিবিরে। শুভাশিসের বার্তা, “শনিবার এই ম্যাচটা আমাদের কাছে ফাইনাল। প্রথমবার কলকাতা লিগ খেলছি। ম্যাচটা জিততেই হবে।” বারাসতে ম্যাচটি দুপুর তিনটে থেকে। সেজন্য মোহনবাগান দলের অনুশীলন রাখা হয়েছিল দুপুর তিনটের সময়। আবার মহামেডানও এমন পরিস্থিতি থেকে আর ফিরে তাকাতে নারাজ। আগের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়ের দোরগোড়া থেকে ফিরতে হয়েছে তাদের। এই ম্যাচে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তাদের কোচ শাহিদ রামন।
অন্যদিকে, লিগ জয়ের হ্যাটট্রিকের সামনে থাকা ইস্টবেঙ্গল কোচ অর্চিস্মান বিশ্বাস অন্য দলের অঙ্কের দিকে তাকাতে নারাজ। চ্যাম্পিয়নশিপের অঙ্ক বলছে, মোহনবাগান-মহামেডান ম্যাচ ড্র হওয়ার পাশাপাশি তাঁরা যদি ঘরের মাঠে শেষ ম্যাচে কোল ইন্ডিয়াকে পাঁচ গোলের ব্যবধান হারায় আর ভবানীপুর-ইউনাইটেড ম্যাচ ড্র হয়, তাহলে লিগ জিতবেন তাঁরাই। এদিন চূড়ান্ত প্রস্তুতির পর ইস্টবেঙ্গল কোচ অর্চিষ্মান বলেন, “আমরা কোনও রেজাল্টের দিকে তাকাচ্ছি না। যাতে ভালোভাবে এই লিগটা শেষ করতে পারি, সেদিকেই লক্ষ্য রয়েছে। সুপার সিক্সে ওঠার পর চোট বা অন্যান্য কারণে আমাদের পাঁচ ডিফেন্ডারকে পাইনি।” লিগের ডার্বিতে চোট পাওয়া লাল-হলুদ ফরোয়ার্ড মনতোষ মাঝি নামতে পারেননি সুপার সিক্সে। রক্ষণের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার চাকু মন্ডি ও অঙ্কন ভট্টাচার্য গিয়েছেন অফিস খেলতে। এমন পরিস্থিতিতেও জয়ের বিষয়ে আশাবাদী অর্চিস্মান।
এই তিন দল ছাড়া লিগ জয়ের দৌড়ে রয়েছে ভবানীপুর ও ইউনাইটেড। অঙ্ক বলছে, মহামেডান-মোহনবাগান ম্যাচ যদি ড্র হয়, তবে ভবানীপুর জিতলেই ট্রফি ঢুকবে রানি রাসমণি রোডের তাঁবুতে। এবারের লিগে দারুণ খেলেছে ভবানীপুর। তবে গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর, চ্যাম্পিয়নশিপ রাউন্ডে মহামেডানের কাছে হেরেছে তারা। গত ম্যাচে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে তিন গোলে জিতে প্রবলভাবে চ্যাম্পিয়নশিপের দৌড়ে ফিরেছেন কোচ রঞ্জন চৌধুরির ছেলেরা। শেষ ম্যাচে তাদের সামনে ইউনাইটেড। যাতে নামার আগে রঞ্জন বলছেন, “অন্য কোনও রেজাল্টের দিকে না তাকিয়ে জিততে চাই। আমাদের ম্যাচ নিয়েই ভাবছি। ইউনাইটেড ভালো দল। চ্যাম্পিয়নশিপের আগে কয়েকজন ফুটবলার বেরিয়ে গিয়েছে ঠিকই। কিন্তু আমরা তৈরি। অন্যদিকে, ইউনাইটেডে লিগ জয়ের অঙ্ক বেশ জটিল। অলৌকিক কিছু না হলে তাদের পক্ষে জেতা কঠিন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা