Mohun Bagan

মাঝমাঠে শক্তি বাড়ানোই লক্ষ্য, পাঞ্জাব এফসির জেলকোভিচকে দলে নিল মোহনবাগান

সদ্য সমাপ্ত ইন্ডিয়ান সুপার লিগে পঞ্জাব এফসি-র জার্সিতে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন ২৮ বছর বয়সি এই ফুটবলার। এবার দুই বছরের চুক্তিতে সবুজ-মেরুন শিবিরে যোগ দিচ্ছেন তিনি।

প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ২২:৩০

options
link
মাঝমাঠে শক্তি বাড়ানোই লক্ষ্য, পাঞ্জাব এফসির জেলকোভিচকে দলে নিল মোহনবাগান
সমীর জেলজোকোভিচ। ফাইল ছবি।

মাঝমাঠে আরও শক্তি বাড়াতে বসনিয়ার জাতীয় দলের হয়ে খেলা ফুটবলার সমীর জেলকোভিচকে দলে নিল মোহনবাগান। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান সুপার লিগে পাঞ্জাব এফসি-র জার্সিতে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন ২৮ বছর বয়সি এই ফুটবলার। এবার দুই বছরের চুক্তিতে সবুজ-মেরুন শিবিরে যোগ দিচ্ছেন তিনি। এদিনই টম অলড্রেডকে ছেড়ে দিয়েছে মোহনবাগান। 

Advertisement

মূলত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও স্টপার হিসাবেও সমান স্বচ্ছন্দ সমীর জেলকোভিচ। তাঁর এই একাধিক পজিশনে খেলার এই ক্ষমতাই মোহনবাগানকে আকৃষ্ট করেছে। ৬ ফুট উচ্চতার এই ফুটবলার রক্ষণে ভরসা দেওয়ার পাশাপাশি সুযোগ পেলেই আক্রমণে উঠে এসে দলকে বাড়তি সুবিধা এনে দেন। শারীরিক দৃঢ়তার সঙ্গে ম্যাচ রিডিং এবং বল নিয়ন্ত্রণের দক্ষতাও তাঁর অন্যতম শক্তি।

Advertisement

বসনিয়া প্রিমিয়ার লিগ এবং উজবেকিস্তানের লিগে খেলার সময় গোল করা ও করানোর ক্ষেত্রে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন সমীর। সদ্য শেষ হওয়া আইএসএল মরশুমেও পঞ্জাব এফসির হয়ে দু’টি গোল করার পাশাপাশি তিনটি গোলে সহায়তা করেন তিনি। মাঝমাঠে তাঁর উপস্থিতি দলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

Advertisement

মোহনবাগানে যোগ দিয়ে সমীর বলেন, “ভারতে খেলতে আসার পর থেকেই মোহনবাগানের ধারাবাহিক সাফল্যের কথা শুনেছি। আইএসএলে যুবভারতীতে বিপক্ষ দলের জার্সি পরে খেলতে নেমে দেখেছি ক্লাবের প্রতি মোহনবাগান সদস্য সমর্থকদের উন্মাদনা ও ভালোবাসা। এরকম একটা ঐতিহ্যশালী ও শতাব্দীপ্রাচীন ক্লাবের জার্সিতে খেলার সুযোগ পেয়ে আমি আপ্লুত ও রোমাঞ্চিত। নতুন মরশুমে দলের সাফল্যের জন্য নিজের সেরাটা দিতে চাই।”

তিনি আরও বলেন, “সবুজ-মেরুনের সমর্থকরা আমার খেলা দেখেছেন। মোহনবাগান দেশের সেরা ক্লাব। সেই সফল দলের সতীর্থদের সঙ্গে যখন নামব তখন আরও ভালো খেলব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমি চ্যাম্পিয়ন হওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে কলকাতায় খেলতে আসছি। আইএসএল তো বটেই সব ট্রফি জিততে চাই।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.