শিলং লাজং- ২ (প্রীতম আত্মঘাতী, কিনোওয়াকি)
মোহনবাগান- ৩ (ডাফি, সোনি, কাটসুমি)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবাজিয়ান্স ম্যাচের রেশ ধরে রেখেই ফেড কাপের দ্বিতীয় ম্যাচে শিলং লাজংকে উড়িয়ে দিল মোহনবাগান। চলতি ফেড কাপে টানা দুই ম্যাচে জিতে সেমিফাইনালে চলে গেল গতবারের চ্যাম্পিয়ন সবুজ-মেরুন শিবির। অল্পের জন্য আই লিগ ফস্কানোর যন্ত্রণা ভুলে চ্যাম্পিয়নের মেজাজে বুধবার লাজং বধ করলেন কোচ সঞ্জয় সেনের ছেলেরা। যদিও এদিন ম্যাচের শুরুতেই প্রীতম কোটালের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বাগান। কিন্তু সঙ্গে সঙ্গে গোল শোধ করে বাগানকে ম্যাচে ফেরান ডাফি। তারপর সোনি এবং পরে কাটসুমির গোলে ৩-২ স্কোরে ম্যাচ জেতে সবুজ-মেরুন ব্রিগেড।
আগের ম্যাচে নায়ক ছিলেন বলবন্ত। এদিন দুর্দান্ত ফর্মে ছিলেন সোনি, কাটসুমিরা। ম্যাচের তিন মিনিটের মাথায় আত্মঘাতী গোল হওয়ার পরও হাল ছাড়েনি বাগান। দুমিনিটের ব্যবধানে গোল শোধ করেন ডাফি। এগিয়ে আসা লাজংয়ের গোলকিপারকে পেয়ে গোলে বল রাখতে ভুল করেননি ডাফি। তারপর ২৭ মিনিটে ফ্রি-কিক থেকে ট্রেডমার্ক শট থেকে গোল ব্যবধান বাড়ান সোনি। বিরতির ২ মিনিট আগে গোল বাগানের। এবার কাটসুমি। বিরতিতে ৩-১ স্কোরে মাঠ ছাড়ে বাগান। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় লাজং। বেশ কয়েকবার আক্রমণের ঝড় ওঠে বাগান ডিফেন্সে। কিন্তু বাগানের ডিফেন্ডারদের দক্ষতায় ঝড় সামাল দেওয়া যায়। কিন্তু ৮২ মিনিটে লাজংয়ের হয়ে জাপানি কিনোওয়াকি গোল করে চিন্তা বাড়িয়ে দেয় বাগান শিবিরের। সহজে ম্যাচ পকেটে পোড়ার রাস্তা বন্ধ হয়ে যাবে কি তবে? কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। ৩-২ স্কোরেই ম্যাচ জেতে বাগান। প্রীতমের আত্মঘাতী গোল বাদ দিলে বাগান ডিফেন্সকে এদিন একবারও নড়বড়ে লাগেনি। যা বেশ স্বস্তিতে রাখবে সঞ্জয় সেনকে। কারণ গ্রুপের শেষ ম্যাচ বেঙ্গালুরুর সঙ্গে। সেই ম্যাচও জিতে গ্রুপ থেকে অপরাজিত হিসাবে নক আউটে যেতে চায় বাগান।
সর্বশেষ খবর
-
অন্নপূর্ণার টাকা পাননি? নাম বাদ যাওয়ার কারণ জানুন এই পদ্ধতিতে, রইল ফের আবেদনের পদ্ধতিও
-
এসিএল ২-তে ‘শক্ত’ গ্রুপে ইস্টবেঙ্গল! প্রতিপক্ষ কেমন? কোন কোন দেশে যেতে হবে?
-
‘কেমন আছো’, স্পষ্ট বাংলায় ভাষণ মামদানির! নিউ ইয়র্ক মেয়রের ভিডিও ভাইরাল
-
‘অত্যন্ত লজ্জাজনক, ক্ষমা চাওয়া উচিত’, শাহরুখ-অজয়দের দুঃসময়ে ‘উসকানি’ মুকেশের
-
শোভনদেব নাকি ঋতব্রত, বিরোধী দলনেতা কে? আজই হাই কোর্টে নিষ্পত্তি