Uganda footballer

মাথায় পাথরের আঘাত! ডাকাত দলের পিটুনিতে মর্মান্তিক মৃত্যু ২৬ বছরের ফুটবলারের

মর্মস্পর্শী এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আন্তর্জাতিক ফুটবল মহলে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১৮:০১

options
link
মাথায় পাথরের আঘাত! ডাকাত দলের পিটুনিতে মর্মান্তিক মৃত্যু ২৬ বছরের ফুটবলারের
ডেভিড ওওরি। ফাইল ছবি।

ডাকাত দলের পিটুনিতে মর্মান্তিক মৃত্যু উগান্ডার জাতীয় দলের তারকা ফুটবলার ডেভিড ওওরির। রাজধানী কামপালায় এই হামলায় গুরুতর জখম হওয়ার পর ২৬ বছরের এই মিডফিল্ডারের মৃত্যু হয়েছে। মর্মস্পর্শী এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আন্তর্জাতিক ফুটবল মহলে।

Advertisement

উগান্ডা প্রিমিয়ার লিগের ক্লাব এসসি ভিলার অধিনায়ক ছিলেন ওওরি। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির কাছে কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ, সেই সময় এক দুষ্কৃতী পাথর দিয়ে তাঁর মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই জ্ঞান হারান ওওরি। স্থানীয়রা তাঁকে প্রথমে সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানেই প্রাণ হারান তিনি।

Advertisement

এসসি ভিলার মুখপাত্র আসান কাসিঙ্গে বলেছেন, “বাড়ি ফেরার সময় ওওরি দুষ্কৃতীদের কবলে পড়ে। অতর্কিত আক্রমণের কারণে গুরুতর আহত হন। হাসপাতালে ভর্তি করাতে হয়। কিন্তু চিকিৎসকেরা কিছু করতে পারেননি। আমরা একজন ফুটবলারকেই হারালাম না, একজন দারুণ মানুষকেও হারালাম। ওওরি আমাদের অধিনায়ক, ভাই এবং বন্ধু ছিল।”

Advertisement

ওওরির মৃত্যুতে শোক প্রকাশ করেছে উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশনও। দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা। শোকবার্তায় তারা লেখে, ‘ডেভিড শুধু একজন ফুটবলারই ছিলেন না। তিনি তরুণ প্রজন্মের একজন অনুপ্রেরণাও ছিলেন। এসসি ভিলাকে আত্মবিশ্বাস ও সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। আর উগান্ডা জাতীয় দলের জার্সিতে তিনি পুরো দেশের মানুষের আশা ও স্বপ্নের প্রতীক হয়ে উঠেছিলেন।’

সরকারি ক্রীড়া সংস্থা ন্যাশনাল কাউন্সিল অফ স্পোর্টস উগান্ডাও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, “দুর্ভাগ্যজনকভাবে সাম্প্রতিক সময়ে উগান্ডার ক্রীড়াঙ্গন একের পর এক ট্র্যাজেডির শিকার হচ্ছে। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাইছি। পাশাপাশি স্থায়ী সমাধানও আশা করছি।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.