সমর্থকরা আপনার অবদান ভুলবে না, সঞ্জয়ের পদত্যাগে প্রতিক্রিয়া কর্মকর্তাদের

নতুন কোচের দৌড়ে এগিয়ে শঙ্করলালই?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৯, ১৪:৪৫

options
link
সমর্থকরা আপনার অবদান ভুলবে না, সঞ্জয়ের পদত্যাগে প্রতিক্রিয়া কর্মকর্তাদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমর্থকরা বীতশ্রদ্ধ। কর্মকর্তারাও মনে মনে অসন্তুষ্ট ছিলেন। প্রাক্তনরা টিমের খেলা দেখে বলছেন, আদৌ কোচিং হত বলে মনেই হয় না। এই পরিস্থিতিতে মোহনবাগানের কোচের পদ ছাড়া দ্বিতীয় কোনও উপায় ছিল না সঞ্জয় সেনের সামনে। মঙ্গলবার ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে হারার পর সে সিদ্ধান্তই নিয়েছেন তিনি। এইভাবে চলে যাওয়া পাওনা ছিল না, প্রতিক্রিয়া ক্লাবের সহ-সচিব সৃঞ্জয় বোসের।

Advertisement

ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ মোহনবাগান কোচ সঞ্জয় সেনের ]

Advertisement

মঙ্গলবার সঞ্জয় সেন সিদ্ধান্ত ঘোষণা করার পর ফেসবুকে পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। জানান, এভাবে চলে যাওয়া হয়তো সঞ্জয় সেনের পাওনা ছিল না। মোটামুটি বছর তিনেকের একটু বেশি সময় ক্লাবের কোচিংয়ের দায়িত্বে ছিলেন সঞ্জয়। সাফল্য ঈর্ষণীয়। তাঁর কোচিংয়েই একবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে গঙ্গাপারের ক্লাব। রানার্স হিসেবে শেষ করেছে দু’বার। ফেড কাপেও চ্যাম্পিয়ন একবার, রানার্স একবার। এএফসি কাপেও দুর্দান্ত সাফল্য। ঘরের মাঠে টানা ৩৩টি ম্যাচে অপরাজিত থাকা। সাফল্যের গাথা প্রায় সোনার আখরেই লেখা। কিন্তু চলতি মরসুম থেকেই পরিস্থিতি যেন অন্যরকম হতে থাকে। আই লিগে একের পর এক ম্যাচে ড্র, তার উপর চেন্নাইয়ের কাছে হার। দেওয়াললিখন পড়তে অসুবিধা হয়নি সঞ্জয়ের। খেলায় হার-জিত থাকে। তবে গত কয়েকটি ম্যাচে মোহনবাগান যেভাবে খেলছে তা খুশি করতে পারেনি সমর্থকদের। সঞ্জয় সেনের মতো কোচের কৌশল নিয়েই প্রশ্ন উঠে যায়। অন্যদিকে ম্যাচ ড্র করার পর খেলোয়াড়দের ঘাড়ে দোষ চাপানোয়, অখুশি ড্রেসিং রুমও। তাই চেন্নাই ম্যাচ শেষে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানালেও, কোনও খেলোয়াড়ই টুঁ শব্দ করেননি। কেউ থেকে যাওয়ার অনুরোধও জানাননি। তাঁর সরে যাওয়া তাই একরকম অবধারিতই ছিল। এভাবে যে সফল কোচকে সরে যেতে হবে তা বোধহয় কেউ স্বপ্নেও ভাবেননি। সহ-সচিবের প্রতিক্রিয়ায় সেই আফসোস স্পষ্ট। তিনি জানিয়েছেন, মোহনবাগানের সত্যিকার সমর্থকরা, এবং প্রতিটি সদস্যও কোনওদিন সঞ্জয় সেনের অবদান ভুলতে পারবেন না।

Advertisement

prnt-scrn_web

এদিকে নতুন কোচ নিয়ে ময়দানে জল্পনা তুঙ্গে। তবে সমর্থকদের পছন্দে এগিয়ে শঙ্করলাল চক্রবর্তীই। সোশ্যাল মিডিয়ায় একযোগে সমর্থকরা জানিয়েছেন, কলকাতা লিগের নজরকাড়া কোচকেই আই লিগের দায়িত্ব দেওয়া হোক। কর্মকর্তাদের তরফে জানানো হয়েছে আজ অর্থাৎ বুধবারই জানিয়ে দেওয়া হবে ক্লাবের দায়িত্ব কে নিচ্ছেন। আপাতত আজ অনুশীলনে ছুটি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই নতুন কোচের অধীনে অনুশীলন শুরু করবেন মোহনবাগান খেলোয়াড়রা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.