স্টাফ রিপোর্টার, পুরুলিয়া: জঙ্গলমহল থেকে উদ্ধার হল ‘পুরুলিয়া অস্ত্রবর্ষণ কাণ্ডের’ অস্ত্র৷ এমনটাই অনুমান করছে প্রশাসন৷ ১৯৯৫ সালের ১৭ ডিসেম্বর পুরুলিয়ার তৎকালীন ঝালদা থানা (বর্তমানে কোটশিলা) এলাকার খটঙ্গা-সহ লাগোয়া একাধিক গ্রামে যে অস্ত্র বর্ষণ হয় সেই খটঙ্গা থেকে দু’কিলোমিটারের মধ্যে শুক্রবার রাতে এই অস্ত্র উদ্ধার হয়৷
স্থানীয় একটি শ্মশান ও নদী সংলগ্ন জঙ্গলে মাটি খুঁড়ে একটি রকেট লঞ্চার, একটি এ কে ৪৭ ও অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড পাওয়া যায়৷ তবে এ কে ৪৭-র ম্যাগাজিনে কোনও গুলি ছিল না৷ গত ২৪ জুলাই রাতে গ্রেফতার করা হয় রথু প্রামাণিক ও জামালউদ্দিন আনসারিকে৷ তাদের জেরা করেই উদ্ধার হয় এই নাইন এম এম কার্বাইন সাব মেশিনগান, ম্যাগাজিন ও গুলি৷
২৫ জুলাই থেকে ১২ দিনের পুলিশি হেফাজতে ছিল অভিযুক্তরা৷ শনিবার দুপুরে তাদের আবার পুরুলিয়া আদালতে তোলা হয়৷ অস্ত্র বর্ষণের এলাকা থেকে দু’সপ্তাহের মধ্যে দু’বার এই অস্ত্র উদ্ধার হওয়ায় পুলিশের সন্দেহ, ওই আগ্নেয়াস্ত্র সেই সময়কার হতে পারে৷ কোটশিলা থানার পুলিশ শুক্রবার রাতে এই জঙ্গলের একপ্রান্তে পাথর সরিয়ে মাটি খুঁড়ে মোটা পলিথিন থেকে এই অত্যাধুনিক অস্ত্রগুলি উদ্ধার করে৷ পুরুলিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, “এই আগ্নেয়াস্ত্রগুলি অস্ত্র বর্ষণের সময়কার যে নয় তা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ দু’দফায় যা উদ্ধার হয়েছে তার সবগুলিই এক্সপার্টদের কাছে পাঠানো হবে৷”
কুড়ি বছর আগের সেই হাড়হিম করা ঘটনার পর বহু অস্ত্র এখনও এই এলাকাতেই রয়ে গিয়েছে বলে মনে করেন এলাকার মানুষ৷ কারণ সেই সময় যারা এই বিপুল অস্ত্রশস্ত্র কুড়িয়েছিল তারা পুলিশের ভয়ে বিভিন্ন জায়গায় রেখে দেয়৷ যা আজও উদ্ধার হয়নি৷ তবে এই অস্ত্রগুলি ধৃতরা বিক্রির ছক কষছিল বলে পুলিশ সূত্রে খবর৷ তবে পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে, ধৃতরা এই এলাকায় দীর্ঘদিন ধরেই এই অস্ত্রের কারবার করত৷
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার