Assembly Elections 2026

কমিশনের বাইক নিষেধাজ্ঞায় সমস্যা হবে মানুষের! এবার জল গড়াল কলকাতা হাই কোর্টে

মামলাকারীর আবেদন, কমিশন যেভাবে বাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে, তাতে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হবে। এই বিষয়ে কমিশনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

Advertisement
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৫:৪৯

options
link
কমিশনের বাইক নিষেধাজ্ঞায় সমস্যা হবে মানুষের! এবার জল গড়াল কলকাতা হাই কোর্টে
ফাইল ছবি।

ভোটের দু’দিন আগে স্পর্শকাতর এলাকায় বাইক চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। এবার মামলা গড়াল কলকাতা হাই কোর্টে। বাইক নিষেধাজ্ঞা নিয়ে কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়ের করার অনুমতি চেয়ে বিচারপতি কৃষ্ণ রাও’য়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। জানা যাচ্ছে, বিচারপতি রাও এই সংক্রান্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। মামলাকারীর আবেদন, কমিশন যেভাবে বাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে, তাতে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হবে। এই বিষয়ে কমিশনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি বিধানসভা আসনে নির্বাচন (Assembly Elections 2026) রয়েছে। তার আগেই স্পর্শকাতর এলাকাগুলিতে বাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। মঙ্গলবার কমিশনের দেওয়া একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের দু’দিন আগে থেকে স্পর্শকাতর এলাকায় নিষিদ্ধ হচ্ছে বাইক র‍্যালি বা মোটরসাইকেল মিছিল। এমনকী সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিষিদ্ধ থাকবে মোটরবাইক চালানোও। যদিও এক্ষেত্রে জরুরি চিকিৎসা পরিষেবা কিংবা পরিবারের প্রয়োজনে বাইক চালানোর উপর রয়েছে ছাড়।

Advertisement

শুধু তাই নয়, বাইকে আরোহী বসানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। ভোটের দু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পিছনে কোনও আরোহীকে বসানো যাবে না বলে নিষেধাজ্ঞায় জানানো হয়েছে। তবে এক্ষেত্রেও রয়েছে কমিশনের ছাড়। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল পড়ুয়াকে পৌঁছে দেওয়া, চিকিৎসার প্রয়োজনে কিংবা পারিবারিক দরকারে ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে। কমিশনের এহেন বিজ্ঞপ্তিকে কেন্দ্র করেই চরমে ওঠে বিতর্ক। কড়া ভাষায় কমিশনকে আক্রমণ শানায় তৃণমূল। মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজা জানান, বাইক চলাচলে নিষেধাজ্ঞায় সাধারণ জনগণের উপর প্রভাব পড়বে। বিশেষ করে ডেলিভারি এজেন্সির সঙ্গে যুক্তরা বিশেষভাবে প্রভাবিত হবে। আর এরপরেই আজ, বুধবার মামলার অনুমতি চেয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.