Dilip Ghosh

ফের বেলাগাম দিলীপ, সভায় নাম না করে সাংসদ জুন মালিয়াকে কটাক্ষ! কী বললেন?

বেলাগাম মন্তব্য থেকে সরে আসছেন না দিলীপ ঘোষ! এবার প্রচার সভায় গিয়ে নাম না করে এলাকার তৃণমূল সাংসদ জুন মালিয়াকে তীব্র কটাক্ষ করলেন খড়গপুরের বিজেপি প্রার্থী। সারা বছর এলাকায় তাঁকে দেখতে পাওয়া যায় না। ভোটের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সাংসদ ডান্স দেখিয়ে গেলেন! এমনই মন্তব্য করেছেন দিলীপ।

Advertisement
অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৩:১৯

options
link
ফের বেলাগাম দিলীপ, সভায় নাম না করে সাংসদ জুন মালিয়াকে কটাক্ষ! কী বললেন?
সভায় বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

বেলাগাম মন্তব্য থেকে সরে আসছেন না দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এবার প্রচার সভায় গিয়ে নাম না করে এলাকার তৃণমূল সাংসদ জুন মালিয়াকে তীব্র কটাক্ষ করলেন খড়গপুরের বিজেপি প্রার্থী। সারা বছর এলাকায় তাঁকে দেখতে পাওয়া যায় না। ভোটের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সাংসদ ডান্স দেখিয়ে গেলেন! এমনই মন্তব্য করেছেন দিলীপ। এই বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের তরফেও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

Advertisement

গতকাল, মঙ্গলবার রাতে খড়গপুরের ভবানীপুর মাঠপুকুর এলাকায় সভায় যোগ দিয়েছিলেন দিলীপ। সেখানেই তৃণমূলকে আক্রমণ করেন তিনি। ওই এলাকার সাংসদ তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া। নাম না করে তাঁকেও কটাক্ষ করেছেন দিলীপ। তিনি বলেন, “এখন আরও একজন ফুটফুটে ফর্সা এমপি হয়েছেন। তাঁকে দেখেছেন আর? সেদিন এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গিয়েছেন।” এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

Advertisement

ওই এলাকায় তৃণমূলের এক নেত্রী সম্পর্কেও নাম না করে কটাক্ষ করেছেন দিলীপ। “রাত ১২টা-১টা নাগাদ কোনও ভদ্রলোক-ভদ্রমহিলা কি রাস্তায় দাঁড়িয়ে চা খান? রাত ১২টা-১টায় কোনও মহিলা বাড়ির বাইরে বেরোন? কোনও ভদ্রলোক রাতের বেলা চা খান? কোনও চায়ের দোকানে মারামারি করে?” এই কথাও বলতে শোনা গিয়েছে দিলীপকে (Dilip Ghosh)। তিনি আরও বলেন, “চোর-ডাকাতদের হাত থেকে খড়গপুরকে রক্ষা করতে হবে। সেজন্য লড়াই করতে এসেছি। বাড়ি-গাড়ি করব না।”

Advertisement

আজ, বুধবার সকালে খড়গপুরের ৮ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ। এলাকার এক বাসিন্দার নাম এসআইআরে বাদ পড়েছে। সেই বিষয়ে দিলীপকে তিনি জানিয়েছিলেন। দিলীপের পালটা মন্তব্য, এবার আর ভোট দেওয়া যাবে না, সামনের বার দেখা যাবে! সাধারণ মানুষের সমস্যা নিয়ে কীভাবে প্রার্থী এমনভাবে মন্তব্য করতে পারেন? সেই চর্চাও শুরু হয়েছে। ক্ষোভ দেখা দিয়েছে এলাকার বাসিন্দাদের একাংশের মধ্যে। পরে সাংবাদিকদের প্রশ্নে দিলীপ বলেন, “কিছু মানুষের নাম বাদ গিয়েছে। কিছু তো তৃণমূলের তরফ থেকে বিএলওরাই গণ্ডগোল করেছেন। তাঁদেরকে বলেছি ট্রাইবুনালে যাও, না হলে অনলাইনে আবার আবেদন কর।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.