Lebanon

সংঘর্ষবিরতি লঙ্ঘন করে লেবাননে ফের ইজরায়েলের হামলা, নিহত অন্তত ২০

পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ভ্রূকুটি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ০৯:০৩

options
link
সংঘর্ষবিরতি লঙ্ঘন করে লেবাননে ফের ইজরায়েলের হামলা, নিহত অন্তত ২০
দক্ষিণ লেবাননের বিভিন্ন জনপদে চলছে লাগাতার হামলা।

সংঘর্ষবিরতি লঙ্ঘন করে লেবাননে ফের হামলা চালাল ইজরায়েল। বৃহস্পতিবার থেকে দক্ষিণ লেবাননের বিভিন্ন জনপদে চলছে লাগাতার হামলা। লেবাননের স্বাস্থ্য দপ্তরের তরফে পেশ করা এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার এক হামলায় চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দু’জন মহিলা। অন্য হামলায় দুই শিশু ও এক চিকিৎসাকর্মীর, এক উদ্ধারকারীর মৃত্যুর কথা জানা গিয়েছে। সেদেশের স্বাস্থ্য দপ্তরের আরেক বিবৃতিতে কেবল নাবাতিয়েহ জেলার তিনটি গ্রামে ১১ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ভ্রূকুটি।

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইজরায়েলি যৌথ হামলার পরই ফুঁসে উঠেছিল তেহরান মদতপুষ্ট লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লা। বদলার আগুনে ইজরায়েলে গোলাবর্ষণ শুরু করে তারা। পালটা জবাব দেয় তেল আভিভও। লেবাননের রাজধানী বেইরুট-সহ বিস্তীর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করে তারা। তবে সেই হামলা আর বন্ধ হয়নি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত-সহ আরও ৩০টি দেশও। ইজরায়েলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা ২ হাজার পেরিয়ে গিয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন-ইজরায়েলের মধ্যে সংঘর্ষবিরতির কথা ঘোষণাও করেন।

Advertisement

লেবাননে শান্তি প্রতিষ্ঠা না হওয়ার অন্যতম কারণ হল ইরান-আমেরিকা সংঘাত। কারণ, এখনও দু’দেশ কোনও সমাধানসূত্রে আসতে পারেনি। মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান আমেরিকাকে জানিয়ে দিয়েছে, পরমাণু আলোচনায় বসতে হলে তাদের দু’টি শর্ত মানতে হবে। প্রথমত, ইরান এবং লেবাননে সম্পূর্ণভাবে যুদ্ধ থামাতে হবে। পাশাপাশি, নতুন করে যাতে সংঘাত সৃষ্টি না হয়, তা-ও নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীতে আমেরিকা যে অবরোধ তৈরি করে রেখেছে, তা তুলতে হবে। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি। ফলে সংঘাত কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং ইজরায়েল ফের আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.