যুদ্ধের আগুনে পুড়েই চলেছে মধ্যপ্রাচ্য। আর সেই বহ্নিশিখা থেকে রেহাই পেল না বিয়েবাড়িও। দক্ষিণ ইরানের সিরিক এলাকায় ওই বিয়েবাড়ি এখন মৃত্যুপুরী। সেখানে এক শিশু-সহ পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত অন্তত ৬৫ জন। হামলার পর কয়েকদিন কেটে গিয়েছে। এখনও সেখানে যত্রতত্র ধ্বংস ও নির্মমতার অগাধ চিহ্ন ছড়িয়ে রয়েছে।
আরও পড়ুন:
দক্ষিণ ইরানের উপকূলীয় ছোট শহর কুহেস্তা। সেখানকার বিয়েবাড়িতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে জুতোজোড়া। আহতদের মধ্যে রয়েছে শিশুরাও। বিয়ের আনন্দঘন স্থানও মুহূর্তেই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ঘটনাস্থলে মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও। স্থানীয় বাসিন্দা সুলেমান জাকিরি ফার্দ বলছেন, “চারদিকে ধুলো আর ধোঁয়া ছিল। কেউ চিৎকার করছিল, কেউ আর্তনাদ করছিল। সবাই একে একে বেরিয়ে আসছিল। অনেকেরই মুখ রক্তে মাখামাখি ছিল।”
আরেক প্রত্যক্ষদর্শী স্থানীয় বিক্রেতা ৩৪ বছরের সাসান জারেয়ি। তিনি বলছেন, “আমরা সাহায্যের জন্য ছুটে গিয়েছিলাম। ধ্বংসস্তূপের তলা থেকে মানুষদের বের করে আনি। আহতদের মধ্যে অধিকাংশই ছিল শিশু। চারদিকে জুতো ছড়িয়ে পড়েছিল। একটি শিশুর ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওরা এখন হাসপাতালে চিকিৎসাধীন।”
কবে থামবে এই সংঘাত? সম্প্রতি ট্রুথ সোশালে বিরাট বার্তা দিয়েছেন ট্রাম্প। স্পষ্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনওরকম আলোচনায় বসতে রাজি নন তিনি। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘হরমুজ প্রণালীর প্রায় পুরোটাই এখন আমাদের দখলে। আর ইরানের অর্থনীতি এখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এখন ওরা কোনও চুক্তি সই করল কিনা তাতে আমাদের কিছুই যায় আসে না।’ একইসঙ্গে ইরানের আমজনতাকে ট্রাম্পের বার্তা, এবার খামেনেই প্রশাসনের বিরুদ্ধে গর্জে ওঠার সময় এসেছে। আর কতদিন বসে থাকবেন মানুষ?
উল্লেখ্য, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে (Iran-US War) একাধিকবার ট্রাম্প দাবি করেছেন যে হরমুজের দখল নিয়েছে তাঁর দেশ। বারবার সেই দাবি খারিজ করেছে ইরান। বাস্তবে দেখা যাচ্ছে, হরমুজ পেরতে গিয়ে আক্রান্ত হয়েছে একাধিক জাহাজ। সোমবার জাহাজে ইরানে হামলার পর বিশ্ববাজারে ফের বেড়েছে অশোধিত তেলের দাম। অন্যদিকে, বিয়েবাড়িতে হামলার নিন্দা করে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছে ইরান। তারা জানিয়েছে, হরমুজের উপর নিজেদের কর্তৃত্ব আরও দৃঢ় করবে তেহরান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের