America

আমেরিকায় শিখ ট্রাক চালককে ১৭ বার ছুরিকাঘাত, ট্রাম্পের ‘মিস্টার সিং’ বিজ্ঞাপনের পরেই হামলা!

মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) অভিবাসীদের ‘নিজে থেকেই আমেরিকা ছেড়ে চলে যাওয়ার’ বার্তা দিতে একটি পোস্টার প্রকাশ করে। সেই পোস্টারেই ‘মিস্টার সিং, আপনি গাড়ি চালাতে জানেন না’— এই মন্তব্য থাকায় তীব্র বিতর্ক শুরু হয়। এরপর ওই বিজ্ঞাপন তুলে নেওয়া হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ২০:১০

options
link
আমেরিকায় শিখ ট্রাক চালককে ১৭ বার ছুরিকাঘাত, ট্রাম্পের ‘মিস্টার সিং’ বিজ্ঞাপনের পরেই হামলা!
বিতর্কের পরে ট্রাম্প প্রশাসনের বর্ণবিদ্বেষী 'মিস্টার সিং' মুছে ফেলা হয়।

মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)-র ‘বর্ণবিদ্বেষী’ ‘মিস্টার সিং’ বিজ্ঞাপনের পরেই আমেরিকায় (America) এক শিখ ট্রাক চালককে কুপিয়ে খুনের চেষ্টা। ২৮ বছরের প্রবাসী ভারতীয় ওই যুবকের বুকে, গলায়, হাতে সতেরোবার ধারালো ছুরি দিয়ে কোপানো হয়। বাথরুমে পিছন থেকে হামলা চালানোয় আত্মরক্ষা করতে পারেননি তিনি। গুরুতর আহত রক্তাক্ত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

গত রবিবার সকালের এই ঘটনা ক্যালিফোর্নিয়ার স্যাকরোমেন্টো অঞ্চলের। আততায়ীর ভয়ে আতঙ্কিত যুবক নিজের নাম-পরিচয় প্রকাশ্যে আনতে চাননি। সিং বলেন, পেনসিলভানিয়ায় যাচ্ছিলেন। মাঝপথে শৌচাগারে গিয়েছিলেন। তখনই হামলাকারী হঠাৎ তাঁর ওপর চড়াও হয়। ছুরি বের করে। শৌচাগার থেকে কোনোওমতে বেরিয়ে আসার আগেই তাঁর ঘাড়, বুক, হাত ও পাঁজরে একাধিক আঘাত করে। রক্তাক্ত যুবক মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের কাছে সাহায্য চান। স্থানীয়রাই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করে দেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক’দিন আগেই মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)-র বিরুদ্ধে বর্ণবিদ্বেষী বিজ্ঞাপনের অভিযোগ ওঠে। ওই ডিজিটাল বিজ্ঞাপনে ‘ট্রান্সফরমার্স’ ফ্র্যাঞ্চাইজির (সিনেমার) প্রধান চরিত্র অপ্টিমাস প্রাইমকে দেখা গিয়েছে। যার বাহুতে দেখা গিয়েছে ডিএইচএস-এর প্যাচ লাগানো। বাদামী দাড়িওয়ালা এক ব্যক্তির মুখোমুখি হতে দেখা যায় অপ্টিমাসকে। সে বার্তা দেয়— “আমাদের রাস্তা থেকে সরে দাঁড়ান, আপনি গাড়ি চালাতে জানেন না মিস্টার সিং।” বিজ্ঞাপনটিতে অভিবাসীদের উদ্দেশে বলা হয়েছে, ‘নিজে দেশ ছাড়ুন, না হলে ফল ভুগতে হবে।’ ‘মিস্টার সিং’ সম্বোধন করে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে উল্লেখ করায় সোশাল মিডিয়ায় ক্ষোভ ছড়িয়েছে।

Advertisement

বলা বাহুল্য, এটি ট্রাম্প প্রশাসনের সেই বৃহত্তর প্রচারের অংশ, যার লক্ষ্য হল অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় মার্কিন মুলুক ত্যাগ করতে উৎসাহিত করা। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি “স্বেচ্ছায় ফিরে যান, নতুবা পরিণতির মুখোমুখি হোন”—এই স্লোগান ব্যবহার করে প্রচার চালাচ্ছে। ডিএইচএস এআই-এর মাধ্যমে তৈরি একটি সংক্ষিপ্ত ভিডিও-ও প্রকাশ করেছে। যেখানে ভিনদেশি নাগরিকদের ‘এলিয়েন’ বলা হয়েছে। এছাড়াও কল্পিত ট্রাকচালক চরিত্র হারজিন্দর সিং, রাজিন্দর কুমার, বেকজান বেইশেকিভ, আখরোর বোজোরভ এবং জাসভির সিংকে সড়ক দুর্ঘটনা ও অন্যান্য অপরাধের সাথে জড়িত দেখানো হয়। মনে করা হচ্ছে বিদ্বেষপূর্ণ এই প্রচারের জেরেই শিখ ট্রাক চালকের উপর হামলা হল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.