Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bangladesh

পহেলগাঁও হামলার জের! ‘অপ্রত্যাশিত পরিস্থিতি’ উল্লেখ করে স্থগিত পাক বিদেশমন্ত্রীর ঢাকা সফর

গত ১৫ বছরে কোনও পাক বিদেশমন্ত্রীর পা পড়েনি বাংলাদেশে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৫, ১৩:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৫, ১৩:৪৭

options
link
পহেলগাঁও হামলার জের! ‘অপ্রত্যাশিত পরিস্থিতি’ উল্লেখ করে স্থগিত পাক বিদেশমন্ত্রীর ঢাকা সফর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভারতবন্ধু’র সংজ্ঞা বদলে মহম্মদ ইউনুসের বাংলাদেশ এখন পাকিস্তানের ‘প্রেমে’ মজে। হিন্দুদের উপর লাগাতার অত্যাচার হলেও পাকিস্তানিদের একগুচ্ছ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। তলে তলে ‘আঁতাঁত’ চলছে দু’দেশের মধ্যে। কিন্তু এর মাঝেই ভারতের কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা ঘটে গিয়েছে। যার নারকীয়তা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই হামলার প্রতিবাদে পাকিস্তানের উপর ‘কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছে ভারত। যার প্রভাব পড়তে চলছে এবার ঢাকা-ইসলামাবাদ সম্পর্কেও! আপাতত স্থগিত হয়ে গেল পাক বিদেশমন্ত্রী তথা উপ-প্রধানমন্ত্রী ইশহাক দারের বাংলাদেশ সফর। পাকিস্তানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে বিদেশমন্ত্রী বাংলাদেশ সফরে যেতে পারছেন না।

২০১২ সালে পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকায় এসেছিলেন। এরপর গত ১৫ বছরে আর কোনও পাক বিদেশমন্ত্রীর পা পড়েনি বাংলাদেশে। কিন্তু এখন পদ্মাপারের রাজনৈতিক ও কূটনৈতিক চিত্র পুরোটাই বদলে গিয়েছে। একাত্তরের গণহত্যা ভুলে ইউনুসের ‘নতুন’ বাংলাদেশ এখন কাছে টানছে পাকিস্তানকে। শেখ হাসিনার পতনের পড়শি দেশে জাঁকিয়ে বসার ছক কষছে ইসলামাবাদ। তাই দু’দেশের সম্পর্ক মজবুত করতে ঢাকা সফরে আশার কথা ছিল ইশহাক দারের। কিন্তু তাঁর আগেই গত ১৭ এপ্রিল ঢাকায় আসেন পাক বিদেশ সচিব আমনা বালুচ। বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীমউদ্দিন, প্রধান উপদেষ্টা ইউনুস ও বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ‘হাই ভোল্টেজ’ বৈঠক সারেন।

Advertisement

কিন্তু এর মাঝেই গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালিতে হামলা চালায় জঙ্গিরা। ২৫ পর্যটক ও এক স্থানীয় যুবককে গুলিতে ঝাঁজরা করে দেয় তারা। যার পালটা দিচ্ছে ভারতীয় সেনা। খুঁজে খুঁজে জেহাদিদের খতম করা হচ্ছে। এই স্পর্শকাতর পরিস্থিতিতেই আগামী ২৭-২৮ এপ্রিল ঢাকা সফরের কথা ছিল ইশহাক দারের। কিন্তু গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের বিদেশমন্ত্রক এক বিবৃতি দিয়ে জানায়, ‘অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী আগামী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না। পারস্পরিক আলোচনার মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে।’

প্রসঙ্গত, বাংলাদেশ-পাকিস্তানের এই দহরম মহরমের উপর কড়া নজর রয়েছে ভারতের। গত জানুয়ারিতে পাকিস্তানের চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের সেনার প্রতিনিধি দল ঢাকায় গিয়েছিলেন। সেই দলেই ছিলেন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম, ও আরেক অফিসার। বাংলাদেশের সেনার অফিসারদের সঙ্গে নাকি বৈঠকও করেছেন তাঁরা। এছাড়া হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে গিয়েছে।

ইউনুস জমানায় জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) প্রধান জসীমউদ্দিন রহমানি। তারপর থেকেই ভারতকে রক্তাক্ত করার ছক কষছে আল কায়দার ছায়া সংগঠনটি। এই এবিটির সঙ্গে যোগ রয়েছে বিভিন্ন পাক জঙ্গি সংগঠনেরও। বিশ্লেষকদের মতে, পহেলগাঁও হামলার পর থেকে দিল্লি আরও বেশি করে নজর রাখছে ঢাকা-ইসলামাবাদের সম্পর্কের উপর। অন্যদিকে, বাংলাদেশও এখন জল মাপছে। কারণ ভারত যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে তার প্রভাব পড়তে পারে ঢাকার উপরও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.