শাহজাদ হোসেন, ফরাক্কা: মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। রেল লাইন পেরতে গিয়ে মৃত্যু তিন শিশুর। নিখোঁজ এক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জের নিমতিতার নতুন শিবনগরে। আন্ডারপাস জলে জমে থাকায় বাধ্য হয়ে রেল লাইন পেরতে গিয়েই এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।
মৃত শিশুদের নাম জিসান শেখ, রিহাত শেখ ও আরিয়ান শেখ। তাঁদের প্রত্যেকের বয়স ৬ বছরের কাছাকাছি বলে জানা গিয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছে বলে খবর। শনিবার দুপুরে চারজন শিশু লাইন পার হচ্ছিল। সেই সময় একই সঙ্গে আপ ও ডাউনে ট্রেন চলে আসে। হতভম্ব হয়ে যায় তারা। কোন দিকে যাবে বুঝতে পারেনি। মুহূর্তেই সব শেষ। ট্রেনে কাটা পড়ে তিন শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল ও সামশেরগঞ্জ থানার পুলিশ। পৌঁছেছেন ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন-সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, আন্ডারপাসটি জল জমে বন্ধ থাকায় রেললাইনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাঁদের। স্থানীয় এক বাসিন্দা বলেন, “নিমতিতা যাওয়ার রাস্তা আন্ডারপাসটি জলে ডুবে। ৬ ফুট জল জমে রয়েছে। সেই রাস্তা জল জমে থাকায় ওই দিকে যেতে গেলে রেললাইন পার করে যেতে হয়। সেই রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেল তিন শিশুর। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি রাস্তাটি দ্রুত ঠিক করা হোক।”
সর্বশেষ খবর
-
হৃদরোগে আক্রান্ত সলমনের বডি-ডবল! ভয়ংকর অ্যাকশন দৃশ্যের শুট নিয়ে বড় সিদ্ধান্ত ভাইজানের
-
দেওয়ালে এখনও আর জি করের স্লোগান! বর্ধমান হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
-
অসুখ সারাতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ওষুধের এই ভুলেই ক্ষতি লিভারের!
-
বিশ্বকাপ ফাইনালে মারামারির শাস্তি! নিষিদ্ধ মেসির চার সতীর্থ-কোচ, বিরাট জরিমানা আর্জেন্টিনার
-
৩৩৫ কোটিতে আয়ারল্যান্ডের ঐতিহাসিক দুর্গ কিনলেন জুকারবার্গ, কী রয়েছে অন্দরমহলে?