নিজস্ব সংবাদদাতা: বন্ধুর ছোড়া গুলিতে খুন হল এক কিশোর৷ গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার৷ ঘটনার পর থেকে পলাতক ঘাতক বন্ধু৷ অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় ব়্যাফ৷ বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দল থানা এলাকার আতপুর পঞ্চাননতলায়৷
কিশোর খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে জগদ্দলের পঞ্চাননতলা৷ মৃতের নাম সঞ্জয় লোহার (১৮)৷ পেশায় রাজমিস্ত্রি৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বুধবার রাতে কাজ থেকে ফিরে বাড়ির পাশের মাঠে টহল দিচ্ছিল সঞ্জয়৷ সেই সময় ওই এলাকারই বাসিন্দা ও সঞ্জয়ের বন্ধু সোমনাথ দাস চার-পাঁচজন যুবককে নিয়ে আসে এবং কিছু বুঝে ওঠার আগেই সঞ্জয়কে লক্ষ্য করে পরপর দু’বার গুলি চালায়৷ একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও আরেকটি গুলি সঞ্জয়ের পেটে লাগে৷ তারপরই চম্পট দেয় সোমনাথ ও তার সঙ্গীরা৷ গুলির আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা৷ সঞ্জয়কে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা৷ সঞ্জয়ের পরিবার সূত্রে জানা যায়, কল্যাণী নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সঞ্জয়ের৷
সঞ্জয় ও সোমনাথ দুই বন্ধু রাজমিস্ত্রির কাজ করত৷ কী কারণে সঞ্জয়কে খুন করল সোমনাথ, এলাকাবাসীর কাছে তা এখনও স্পষ্ট নয়৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সোমনাথ৷ সঞ্জয়ের মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা৷ অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালান তাঁরা৷ জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা৷ পুলিশের প্রাথমিক ধারণা, পু্রনো শত্রুতার জেরেই এই ঘটনা৷ স্থানীয়দের কয়েকজনের মতে, ত্রিকোণ প্রেমের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১