সৌরভ মাজি, বর্ধমান: গরুর খাবারের আড়ালে বস্তা বস্তা গাঁজা। বেসমেন্টে থরে থরে সাজানো নোটের পাহাড়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মহিলা মাদক কারবারির পর্দাফাঁস। ওই মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ।
বুধবার দুপুরে গোপন সূত্রে পুলিশ মাদক কারবার সংক্রান্ত তথ্য পায়। সেই সূত্র ধরে মেমারির ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সঙ্গীতা সাহানির বাড়িতে হানা দেয় পূর্ব বর্ধমান এসওজি সেল এবং মেমারি থানার পুলিশ। কঠোর পুলিশি নিরাপত্তায় বাড়ি ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। বেসমেন্টে তল্লাশি চালিয়ে থরে থরে সাজিয়ে রাখা নোটের বান্ডিল দেখতে পান তদন্তকারীরা। বেসমেন্টে তল্লাশি চালিয়ে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। ১০০, ৫০০ টাকার নোট পাওয়া গিয়েছে।
এছাড়া সঙ্গীতা সাহানির বাড়িতে থাকা গরুর খাবারের আড়ালে তল্লাশি চালিয়ে কমপক্ষে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করে। আপাতত ওই বাড়িটিকে সিল করে দেওয়া হয়। ধৃত মহিলা কতদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিপুল টাকা কোথায় লগ্নি করা হত, তা-ও তদন্তসাপেক্ষ। বলে রাখা ভালো, সঙ্গীতা সাহানির মায়ের বিরুদ্ধেও মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগ ছিল। মায়ের সূত্র ধরেই কি ব্যবসায় হাতেখড়ি সঙ্গীতার, সে সন্দেহও ক্রমশ জোরালো হচ্ছে।
উল্লেখ্য, কয়েকমাস আগে মেমারি এলাকাতেই বিপুল পরিমাণ গাঁজা-সহ ভিন রাজ্যে থেকে আসা একটি চারচাকা গাড়ি আটক করে পুলিশ। এই ঘটনায় একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়। গাঁজা পাচারের ক্ষেত্রে অপরাধীরা মেমারি শহরকে করিডর হিসেবে ব্যবহার করছে বলে মনে করছেন অনেকে। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের