Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Alipurduar

সুপারি বাগান রক্ষায় বেআইনি বিদ্যুতের বেড়া, বক্সায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু

বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত হাতিটির দেহ উদ্ধার করে নিয়ে যান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৫, ১৭:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৫, ১৭:৩৫

options
link
সুপারি বাগান রক্ষায় বেআইনি বিদ্যুতের বেড়া, বক্সায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু zoom
নিজস্ব ছবি
Advertisement

রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল লাগোয়া এলাকায় বেআইনি বিদ্যুতের তারে জড়িয়ে হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বন দপ্তর। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বিজয়পুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক পূর্ণবয়স্ক হাতির। সুপারি বাগান বাঁচানোর জন্য তার চারপাশে টানা বৈদ্যুতিক বেড়ায় ঘিরে রাখা হয়েছিল। সেই বেড়ায় জড়িয়ে হাতিটি প্রাণ হারায় বলে জানতে পেরেছে বনদপ্তর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্যপ্রাণীর হাত থেকে সুপারি বাগান রক্ষার জন্য বিদ্যুতের তার জড়িয়ে বেড়া বসান এক ব্যক্তি। অভিযোগ উঠেছে, অবৈধভাবে বিদ্যুতের তার টেনে বেড়া বসিয়েছিলেন ওই ব্যক্তি। আর সেই তারে জড়িয়েই হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত করেছে বনদপ্তর। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত হাতিটির দেহ উদ্ধার করে নিয়ে যান। বেআইনিভাবে বৈদ্যুতিন বেড়া লাগানোর অভিযোগে, বাগান মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বন দপ্তর।

Advertisement

উল্লেখ্য, আলিপুরদুয়ার সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় চা ও সুপারি বাগানের ফসল রক্ষার জন্য বৈদ্যুতিক বেড়া ব্যবহারের প্রবণতা নতুন নয়। এর ফলে প্রায়ই হাতি এবং অন্যান্য বন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার সামনে চলে এসেছে মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সংঘাতের চিত্র। স্থানীয়দের দাবি, ফসল রক্ষার বিকল্প ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এধরনের মর্মান্তিক দুর্ঘটনা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, আগেও এই অঞ্চলে বিদ্যুতের শক লেগে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বনদপ্তর থেকে বারবার স্থানীয় মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও সমস্যার সমাধান হয়নি এখনও।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.