Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Bankura

‘ধর্ষণে’র লজ্জায় আত্মঘাতী বিজেপি নেত্রী! কাঠগড়ায় পদ্মশিবিরেরই নেতা

এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২৪, ১৮:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২৪, ১৮:৪১

options
link
‘ধর্ষণে’র লজ্জায় আত্মঘাতী বিজেপি নেত্রী! কাঠগড়ায় পদ্মশিবিরেরই নেতা zoom
ফাইল ছবি

দেবব্রত দাস, খাতড়া: বিজেপি নেত্রীকে ধর্ষণ করে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ। লজ্জায় আত্মঘাতী মহিলা। বাঁকুড়ার সোনামুখী শহরের এই ঘটনায় কাঠগড়ায় বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক। ওই মহিলার স্বামী সোনামুখী থানার পুলিশের কাছে বিজেপি নেতা তরুণ সামন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার ধারায় মামলা রুজু হয়েছে। পলাতক অভিযুক্ত।

বাঁকুড়ার সোনামুখীর বাসিন্দা ওই বিজেপি নেত্রী গত পুরভোটে দলের টিকিটে শহরের একটি ওয়ার্ড থেকে পদ্মফুল প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তবে তিনি জিততে পারেননি। ওই ওয়ার্ডের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন অভিযুক্ত বিজেপি নেতা তরুণ সামন্ত। যদিও তার বাড়ি সোনামুখী শহরে নয়। পাত্রসায়ের থানার মজুরডাঙ্গা গ্রামের বাসিন্দা তরুণ সামন্ত। ওই বিজেপি নেতার সঙ্গে নেত্রীর ঘনিষ্ঠতা বাড়ে। অভিযোগ, ওই নেত্রীকে জেলার মহিলা মোর্চার উচ্চপদ দেওয়ার লোভ দেখিয়ে বিষ্ণুপুরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল। পরে অভিযুক্ত বিজেপি নেতা ধর্ষণের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে আরও একাধিকবার ধর্ষণ করে বলেও অভিযোগ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রামের পর দুর্গা আবেগে শান বিজেপির! এবার দুর্গাপুজোয় আর্থিক অনুদান কেন্দ্রের]

প্রথমে বিষয়টি গোপন করলেও পরে ওই মহিলা নেত্রী ঘটনাটি তাঁর স্বামীকে জানান। গত বছরের ২৩ অক্টোবর ওই বিজেপি নেত্রী সোনামুখী থানায় তরুণ সামন্তের বিরুদ্ধে তাঁকে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। এর পর গত ২৩ জানুয়ারি বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই বিজেপি নেত্রী। নির্যাতিতা ওই বিজেপি নেত্রীর স্বামীর অভিযোগ, “পুরভোটে ওই ওয়ার্ডের দায়িত্ব পাওয়ার জন্য তরুণ সামন্তের সঙ্গে আমার স্ত্রীর ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। সেই ঘনিষ্ঠতার জেরে পরে দলের একাধিক বৈঠকে আমার স্ত্রীকে ডেকে নিয়ে যেত তরুণ। স্ত্রীকে দলের মহিলা মোর্চার উচ্চপদের লোভ দেখিয়ে বিষ্ণুপুরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল। পরে ধর্ষণের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেলিং শুরু করে। এর পর আরও কয়েকবার আমার স্ত্রীকে ধর্ষণ করেছিল। পরবর্তী সময়ে স্ত্রী আমাকে বিষয়টি জানালে পুলিশের কাছে নিয়ে গিয়েছিলাম। স্ত্রী অভিযোগ জানিয়েছিল। কিন্তু পুলিশ কোনভাবেই তরুণ সামন্তকে গ্রেপ্তার করতে পারেনি।”

নির্যাতিতা ওই বিজেপি নেত্রীর স্বামীর দাবি, “অভিযোগের পরেও পুলিশ বিজেপি নেতাকে গ্রেপ্তার না পারায় স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়ে। এর পর ওই বিজেপি নেতা ফোনে নানাভাবে আমার স্ত্রীকে উত্যক্ত করত। গত ২৩ জানুয়ারি আমি দুই মেয়েকে নিয়ে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলাম। রাতে ফিরে দেখি ভিতর থেকে দরজা বন্ধ। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি গলায় দড়ি দিয়ে স্ত্রী ঝুলছে।” পুলিশের কাছে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন মৃতার স্বামী। বিষ্ণুপুর মহকুমা পুলিশের এক আধিকারিক জানান, ধর্ষণের অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই অভিযুক্ত বিজেপি নেতা তরুণ সামন্ত পলাতক। তাকে ধরার চেষ্টা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে গা ঢাকা দেওয়ায় তাকে ধরা যায়নি। পরে অবশ্য ওই বিজেপি নেতা আদালত থেকে জামিন নিয়েছিল। এবার ওই মহিলাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে তরুণ সামন্তের বিরুদ্ধে। তাকে ধরার জন্য সবরকম চেষ্টা চলছে।

অভিযুক্ত বিজেপি নেতা তরুণ সামন্ত বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কমিটির অন্যতম এক সম্পাদক। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখা বলেন, “দলের সক্রিয় কর্মী ওই মহিলা আত্মঘাতী হয়েছেন। এটা খুবই বেদনাদায়ক ঘটনা। কিন্তু যে অভিযোগ করা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপিকে কালিমালিপ্ত করার জন্যই এটা করা হচ্ছে।” এই ঘটনায় তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, “নেত্রী বিজেপির। অভিযুক্ত নেতাও বিজেপির। ওদের দলের এক নেতা দলেরই এক নেত্রীকে ধর্ষণ করছে। ন্যক্কারজনক ঘটনা। এটাই বিজেপির সংস্কৃতি। ওরা তো নিজেরাই কালিমালিপ্ত। ওদেরকে কে আর কালিমালিপ্ত করবে।” এদিন অবশ্য চেষ্টা করেও অভিযুক্ত বিজেপি নেতা তরুণ সামন্ত বা তার পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে না পারায় তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: কাঁচরাপাড়ার গোডাউন লক্ষ্য করে পর পর তিনটি বোমা, বিস্ফোরণে হাত উড়ল দুজনের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.