বিক্রম রায়, কোচবিহার: কনেযাত্রীর গাড়ি কোথায় রাখা হবে, তা নিয়ে সামান্য বিবাদ৷ আর সেই বিবাদের জলই গড়াল গুলির লড়াইয়ে৷ শুধু তাই নয়, এই গুলির লড়াইয়ে প্রাণ গেল এক বালকের৷ নিহত বালক কোচবিহারের উত্তর খাগড়াবাড়ির বাসিন্দা৷ এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি৷ তবে কে বা কারা গুলি চালাল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে পাত্র এবং পাত্রীপক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা৷
[ভিন রাজ্যের নির্বাচনী নালিশ আসছে বর্ধমানের কল সেন্টারে, নাজেহাল কর্মীরা]
কোচবিহারের ডাউয়াগুড়ির রায়পাড়ার বাসিন্দা এক যুবকের সঙ্গে গত বুধবার বিয়ে হয় উত্তর খাগড়াবাড়ির এক তরুণী৷ শুক্রবার ছিল তাঁদের বউভাত৷ কনের বাড়ির লোকজনেরা একটি গাড়িতে করে ওই অনুষ্ঠানে যোগ দিতে আসেন৷ পাত্রের বাড়ির কাছাকাছি গাড়ি রেখেছিলেন কনেযাত্রীরা৷ অভিযোগ, কেন ওই জায়গায় গাড়ি রাখা হল, তা নিয়ে পাত্রপক্ষের পাড়ার বেশ কয়েকজন যুবক চিৎকার চেঁচামেচি শুরু করেন৷ কনেযাত্রীর গাড়িচালকের সঙ্গে পাত্রপক্ষের পাড়ার যুবকদের বচসা মুহূর্তের মধ্যেই হাতাহাতিতে গড়ায়৷ শুধু তাই নয় আচমকাই ওই যুবকের গুলি চালাতে শুরু করে বলেও অভিযোগ৷ বেশ কয়েক রাউন্ড গুলি চালায় তারা৷ একটি গুলি ছিটকে এসে কনেযাত্রীর দলে থাকা এক বালকের গায়ে লাগে৷ তড়িঘড়ি ওই কিশোরকে উদ্ধার করে কোচবিহার গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পরই মারা যায় সে৷ কোতয়ালি থানার পুলিশ বালকের মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে৷
[অতীতে একসঙ্গে অনুষ্ঠান মুনমুন-বাবুলের, রাজনীতির মঞ্চে এখন প্রতিপক্ষ]
জানা গিয়েছে নিহত ওই বালকের নাম ঋত্বিক বিশ্বাস৷ বছর দশেকের ওই বালক উত্তর খাগড়াবাড়ির বাসিন্দা৷ কনে সম্পর্কে তার দিদি হয়৷ দিদির বউভাতে এসে যে ছোট্ট ঋত্বিককে প্রাণ হারাতে হবে, তা ভাবতে পারেননি পরিবারের কেউই৷ গোটা ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷ এই ঘটনার পর থেকেই রায়পাড়া এবং উত্তর খাগড়াবাড়ি থমথমে হয়ে গিয়েছে৷ রাতেই রায়পাড়া এলাকায় পৌঁছায় কোতয়ালি থানার বিশাল পুলিশবাহিনী৷ ঘটনার তদন্তে নেমে প্রথমেই পাত্রপক্ষের লোকজনদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা৷ কে বা কারা মামুলি বিবাদে গুলি চালাল, সেই প্রশ্নই এখন ভাবাচ্ছে আধিকারিকদের৷
সর্বশেষ খবর
-
‘মাওবাদের মতোই এবার নেশামুক্ত হবে ভারত’, লক্ষ্য স্থির রেখে ‘ব্লুপ্রিন্ট’ সাজালেন অমিত শাহ
-
হাতে প্রেমিকার নামের ট্যাটু, আছে বিশেষ অর্থও! বলিসুন্দরীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বিশ্বজয়ী ক্রিকেটার?
-
গভীর রাতে ঘুমচোখেই ঘণ্টার পর ঘণ্টা ফোন খোঁচাচ্ছেন! ডুমস্ক্রলিং আসলে কী?
-
গেরুয়া রঙের অসম্মান বরদাস্ত নয়! ‘গৈরিক’ মাহাত্ম্য প্রচারে কলকাতায় মিছিল শুভেন্দুর
-
মদ্যপ অবস্থায় প্রেক্ষাগৃহে হইচই! ‘মির্জাপুর দ্য মুভি’ দেখতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতা কনটেন্ট ক্রিয়েটরের