সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের (Coronavirus) দাপটে কাঁপছে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে মাস্ক এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলা যে ঠিক কতটা প্রয়োজনীয় তা বারবার বলছেন বিশেষজ্ঞরা। তবে তা সত্ত্বেও দূরত্ববিধিকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি দলীয় বিধায়কের স্মরণসভার আয়োজন বঙ্গ বিজেপির। ভিড়ে ঠাসা স্মরণসভার মঞ্চে মাস্ক ছাড়া বক্তৃতা দিতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেসব ছবি পোস্ট করেছেন তিনি।
হেমতাবাদে মৃত বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের পরিবারের সঙ্গে শনিবার দেখা করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দেবেন্দ্রনাথের মৃত্যুর পর প্রথমবার সেখানে গেলেন তিনি। বিধায়কের বিন্দোলের বাড়ি গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে একান্তে বেশ খানিকক্ষণ কথাও বলেন। দিয়েছেন পাশে থাকার আশ্বাস।

প্রায় ১২ মিনিট বিধায়কের বাড়িতে ছিলেন তিনি। তারপর তাঁর বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে, যে চায়ের দোকানে বিধায়কের দেহ উদ্ধার হয়েছিল, সেখানে পৌঁছন দিলীপ ঘোষ। দোকানের সামনে দেবেন্দ্রনাথ রায়ের মূর্তি তৈরির জন্য ভিতপুজো করেন তিনি। নিজে মন্ত্রোচ্চারণ করে ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেন। এই জায়গাতেই তৈরি হবে বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মূর্তি। সেখানেও ভিড় ছিল যথেষ্ট। সঙ্গে মাস্ক থাকলেও, তা পরতে দেখা যায়নি তাঁকে।

ভিতপুজোর পর কালীবাড়ি এলাকায় দেবেন্দ্রনাথের স্মরণসভায় যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি। ওই মঞ্চে সায়ন্তন বসু-সহ বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। নিহত বিধায়কের স্ত্রী-ও ছিলেন মঞ্চে। মাইক্রোফোন হাতে দিলীপ ঘোষকে কিছু কথা বলতে দেখা যায়। তবে মঞ্চে অনেকে থাকলেও মাস্ক পরেননি তিনি।

[আরও পড়ুন: দ্বিতীয় দফায় জমা পড়ল ৫ লক্ষ ৬০ হাজার আমফান ক্ষতিগ্রস্তর আবেদন, সন্দিগ্ধ নবান্ন]
বিজেপি বিধায়কের স্মরণসভায় উপচে পড়া ভিড় হয়। মঞ্চের নিচে বসার বন্দোবস্ত করা হয়। তবে সেখানে মানা হয়নি দূরত্ববিধি। মাস্ক ছাড়াও দেখা গিয়েছে অনেককেই।

দেবেন্দ্রনাথ রায়ের স্মরণসভা হওয়ার কথা ছিল বিন্দোলের বিএড কলেজে। কোভিড বিধি লঙ্ঘনের আশঙ্কায় পুলিশ তাতে অনুমতি দেয়নি। তবে তাতেও করোনা সংক্রমণের আশঙ্কা এড়ানো গেল না। কালীবাড়ির কাছে অনুষ্ঠিত স্মরণসভার ভিড়ই এখন ভাবাচ্ছে সকলকে।

[আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত ৩২০৮ জন, একলাফে অনেকখানি বাড়ল সুস্থতার হার]
সর্বশেষ খবর
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর