সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বাংলার প্রাচীন প্রবাদ, রথ টানলে দুর্গা আসে। এদিন থেকেই অধিকাংশ বনেদি বাড়ি কিংবা বারোয়ারি পুজোর কাজ শুরু হয়। তবে দুর্গাপুরের এমএএমসি বি টু বাজারে আজ থেকেই শুরু দুর্গাপুজো। দুর্গা দশমী পর্যন্ত প্রতিদিন মায়ের পুজো হবে।
ক্যালেন্ডার বলছে দুর্গাপুজোর বাকি এখনও প্রায় তিন মাস। কিন্তু তাতে কী? দেবীপক্ষের অনেক আগেই দুর্গাপুরে উমা এল বাপের বাড়ি! অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় এখানকার মূর্তি তৈরির কাজ। দুর্গাপুর স্টেশন বাজারে মাটি দিয়ে তৈরি হয় দেবী প্রতিমা। কোনও সজ্জা না করেই শাড়ি পরিয়ে, ফুলের গয়নায় সাজিয়ে তোলা হয় মাকে। সেই মতো শুক্রবার রথযাত্রার দিন নিয়ে আসা হল মন্দিরে। কীভাবে পুজো হয় এখানে?
মূর্তি অনেকটাই আলাদা। দেবীর গায়ে মাটির প্রলেপ পড়লেও হয় না চক্ষুদান। নেই কোনও সজ্জাও। এই অবস্থাতেই আজ থেকে দুর্গা দশমী পর্যন্ত পুজো হবে। একই সঙ্গে চলবে দেবী মূর্তি তৈরি করার বাকি কাজ। ৫৫ বছর ধরে এভাবেই চলে আসছে দুর্গাপুরের সর্বমঙ্গলা দুর্গা মন্দিরে সর্বজনীন দুর্গাপুজো। পুরান মতে পুজো হয়। দুর্গা অষ্টমীর সন্ধিক্ষণে হয় সন্দেশ বলি।

কৌশিক দাশগুপ্ত নামের এলাকার বাসিন্দা বলেন, “৫৫ বছর ধরে এই ভাবেই হয়ে আসছে পুজো। সেই রীতি মেনে আমরাও পুজো পরিচালনা করি। আজ থেকেই নিত্য পুজো হবে। সকাল সন্ধ্যা পুজোয় সামিল হন এলাকার মানুষ। ভক্তি ভরে মাকে ডাকলে মা সবার মনস্কামনা পূরণ করেন।” শুভদীপ সাহা ও অনুমিতা সিকদাররা বলেন, “পুজোর চারদিন তো মজা হয়ই। তবে আজ সন্ধ্যা থেকেই আমাদের পুজো শুরু। প্রতিদিন সকালেও পুজো হয়। সব মিলিয়ে তিন মাস আগে থেকেই আমাদের পুজো শুরু হয়ে গেল।”
সর্বশেষ খবর
-
কলকাতার পর রাজ্যের একাধিক স্কুলে মিড ডে মিল দেবে ইসকন, তালিকায় নন্দীগ্রামও
-
মাদকপাচার চক্রে গ্রেপ্তার শাহিদের সহ অভিনেতা! মিলল কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ পণ্য
-
অন্নপূর্ণার অর্থ এখনও মেলেনি! দ্রুত টাকাপ্রাপ্তির প্রার্থনায় পুজো ‘সহমর্মী’ প্রাপকদের
-
নাবালিকাকে ‘ধর্ষণে’র চেষ্টা সিপিএম কর্মীর, খুনের হুমকি! ছুটে গেলেন কামদুনির টুম্পা
-
‘ত্যাজ্য’ করেছে রাজপরিবার, ৬ বছর পর ব্রিটেনে ফিরে হ্যারি-মেগানকে কত কর দিতে হচ্ছে?