সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপনির্বাচনেই ভেঙে গেল বাম-কংগ্রেসের জোট। সবংয়ে আগে ভাগে প্রার্থীর নাম ঘোষণা করল সিপিএম। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানালেন পশ্চিম কেন্দ্রের ওই কেন্দ্রে তাদের প্রার্থী রীতা মণ্ডল জানা।
পার্টি কংগ্রেসের আগে কংগ্রেসের জোট নিয়ে কোনওরকম আলোচনা বা সিদ্ধান্তে যাবে না সিপিএম। কেন্দ্রীয় নেতৃত্বের থেকে এমন দেওয়াল লিখন পড়তে পেরে আর জোটের দিকে এগোয়নি বামেরা। সবং বিধানসভার উপনির্বাচনে তাই আগেভাগেই প্রার্থীর নাম জানিয়ে দিলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বামেরা প্রার্থী করেছে রীতা মণ্ডল জানাকে। যিনি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেত্রী। সবংয়ে রীতা স্থানীয় একটি গার্লস স্কুলের ক্লার্ক। তবে নিজের এলাকার বাইরে জেলাতেও তেমন তাঁর পরিচিতি নেই। তবে উপনির্বাচনে বাকি দলগুলির আগে অবশ্য বামেরা প্রার্থী ঘোষণা করেছে। আলিমুদ্দিনের ঘোষণার পরই সবংয়ে বাম প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখাও শুরু হয়ে গিয়েছে। তবে এই আসনে বামেরা সাধারণত শরিক বিপ্লবী বাংলা কংগ্রেসকে ছেড়ে দিত। অনেক দিন পর কাস্তে হাতুড়ি তারা চিহ্নে কেউ বামেদের হয়ে প্রার্থী হলেন। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সবংয়ের বিধায়ক ছিলেন মানস ভুঁইয়া। তিনি তৃণমূলে আসার পর এই কেন্দ্রের প্রার্থীপদ দেওয়ার ব্যাপারে দাবিদার ছিল কংগ্রেস। সবংয়ের ব্লক কংগ্রেস সভাপতিও জানিয়েছিলেন ওই কেন্দ্রে তারা প্রার্থী দিতে চান। কংগ্রেস চিরঞ্জীব ভৌমিক প্রার্থী করবে বলে শোনা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা এই টানাপোড়েনের মাঝে বামেরা একতরফা প্রার্থীপদ ঘোষণা করে বুঝিয়ে দিল জোট তারা আর এগিয়ে নিয়ে যেতে চায় না। তার ফলে সবংয়ে চর্তুমুখী লড়াই হতে চলেছে।
[ব্যারাজের জলাধার শূন্য করে চলছে লকগেট মেরামতি, তীব্র জল সংকট দুর্গাপুরে]
সবং বিধানসভা কেন্দ্রের অধীনে একমাত্র পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে। ১৩টি পঞ্চায়েত মধ্যে একটিতে রয়েছে বামেরা। বিজেপির সাংগঠনিক ক্ষমতাও এখানে নামমাত্র। এখানে তৃণমূলের প্রার্থী হিসাবে অনেক গুলি নাম ভেসে আসছে। তারমধ্যে সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক টলিউড অভিনেত্রীর নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। এনিয়ে মানস ভুঁইয়া জানিয়েছেন নেত্রী যাঁকে প্রার্থী করবেন তাঁকে জিতিয়ে আনতে হবে। তৃণমূলের জেলা সভাপতি বলেন, বিজেপি কোনও ফ্যাক্টর নয়। আসল লড়াই হবে সিপিএমের সঙ্গে। প্রসঙ্গত, তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কোনও ঘাসফুল প্রতীকের প্রার্থী সবং থেকে জিততে পারেননি। এই বিধানসভা কেন্দ্রে মোট ৩০৬টি বুথ। ২১ ডিসেম্বর এই কেন্দ্রের উপনির্বাচন।
[বিজেপিতে যোগদানে ‘বাধা’ হয়েছিলেন দিলীপরা, বিস্ফোরক মুকুল]
সর্বশেষ খবর
-
‘আর্জেন্টিনার অবস্থা তৃণমূলের মতো’, কটাক্ষ দিলীপের, পার্টি অফিস ‘দখল’ নিয়েও খোঁচা!
-
পরিচালক রাজা চন্দর সঙ্গে আট বছরের দাম্পত্য, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান
-
টানা ৩ বিশ্বকাপে হতাশা, সুদিন ফেরাতে জার্মানির দায়িত্বে ক্লপই
-
বিশ্বকাপে ব্যর্থ দল, ভক্তদের ক্ষোভ থেকে বাঁচতে ট্রাকে বাড়ি ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার
-
পুরুলিয়ায় প্রথম! জন্মদিবসে শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি বসাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ