রূপায়ণ গঙ্গোপাধ্যায়: শাসকদল ও বামেরা আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বাকি ছিল বিজেপি। মহেশতলা বিধানসভা উপনির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী কে হবেন তা নিয়ে ছিল জল্পনা। কিন্তু হাইকমান্ডের চূড়ান্ত নির্দেশ ছাড়া প্রার্থী ঘোষণা সম্ভব নয়। শেষপর্যন্ত জল্পনা কাটিয়ে প্রার্থী ঘোষণা করল বিজেপি। মহেশতলায় বিজেপি প্রার্থী সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা সুজিত ঘোষ। মহেশতলা কেন্দ্রে রাজ্য বিজেপির তরফে পাঠানো সম্ভাব্য প্রার্থী তালিকায় এক নম্বরে ছিলেন দলের রাজ্য সহ-সভাপতি রাজকমল পাঠক। তালিকায় মোট তিনজনের মধ্যে সুজিতবাবুর নাম ছিল না। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সুজিত ঘোষের মতো প্রাক্তন অভিজ্ঞ আইপিএসকে বেছে নেন বলে দলীয় সূত্রে খবর। কেন্দ্রীয় নেতৃত্বের সার্ভে টিম চাইলে চতুর্থ কেউ প্রার্থী হতে পারে মহেশতলায়। সেইমতো তালিকায় নাম না থাকা সুজিত ঘোষের প্রার্থীপদে সিলমোহর দেয় কেন্দ্রীয় নেতৃত্ব।
[মহেশতলায় পদ্ম প্রতীকে প্রার্থী কি রাজকমল? জল্পনা গেরুয়া শিবিরে]
সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা ছিলেন সুজিত ঘোষ। এরপর রাজ্য পুলিশের ডিজি হোমগার্ড হয়ে অবসর নেন। ২০১৪ সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন বিজেপির হয়ে। সুজিতবাবু জানান, জেতার জন্যই লড়বেন। সল্টলেকের বাসিন্দা বর্তমানে রাজ্য বিজেপির বুদ্ধিজীবী সেলের সদস্য। গুড গভর্নেন্স সেলেরও সদস্য তিনি। উল্লেখ্য, আগামী ২৮ মে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তাদের প্রার্থী হচ্ছেন, মেয়র শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর তথা ওই কেন্দ্রেরই প্রয়াত বিধায়ক কস্তুরী দাসের স্বামী দুলাল দাস। যিনি নিজে মহেশতলা পুরসভার পুরপ্রধানও বটে। প্রার্থীর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। তাদের প্রার্থী সিপিএমের প্রভাত চৌধুরী। সূত্রের খবর, সিপিএম প্রার্থীকে সমর্থন করতে পারে কংগ্রেস। সূত্রের খবর ছিল, ওই কেন্দ্রে পদ্ম পতাকা নিয়ে লড়াই করতে পারেন দলের সহ-সভাপতি রাজকমল পাঠক। যিনি আবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপির মহাপালকও বটে। আর ডায়মন্ড হারবার লোকসভার মধ্যেই রয়েছে মহেশতলা বিধানসভা কেন্দ্র। কিন্তু নোয়াপাড়া উপনির্বাচনের প্রার্থী ঘোষণা নিয়ে কেলেঙ্কারির পুনরাবৃত্তি করতে চায় না বঙ্গ বিজেপি। তাই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনেই সুজিত ঘোষকে প্রার্থী করা হয়েছে। রাজকমল পাঠকও জানিয়ে দিয়েছেন, তিনি প্রার্থী হতে চান না।
[জোটের পথ খুলে মহেশতলায় বামেদের প্রার্থী ঘোষণা]
অন্যদিকে, উপনির্বাচনের জন্য তৃণমূল ও বাম জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। তৃণমূল প্রার্থী দুলাল দাস পথে প্রচারে নেমে পড়েছেন আগেই। দেখা যাচ্ছে বাম প্রার্থী প্রভাত চৌধুরিকেও। স্বভাবসিদ্ধ ভাবেই দেরিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এবার দেখা যাক কতটা টক্কর দিতে পারবেন গেরুয়া শিবিরের প্রার্থী।
[মহেশতলা বিধানসভা উপনির্বাচনে দুলাল দাসকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস]
সর্বশেষ খবর
-
কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, আদালতের ভর্ৎসনায় মামলা প্রত্যাহার অভিষেকের
-
বর্ষায় বিপর্যস্ত উত্তরভারত, উত্তরাখণ্ডে ধস, নদীর জল বেড়ে বিপদে উত্তরপ্রদেশ-হিমাচল, মৃত ১০
-
‘ট্রাম্পের মেয়ে আমাকে…’, ‘সতলুজ’ বিতর্কের মাঝে মার্কিন নাগরিকত্ব নিয়ে সোজাসাপটা দিলজিৎ
-
আল নাসের থেকে জাতীয় দলে, রোনাল্ডোর পছন্দেই নতুন কোচ বাছল পর্তুগাল!
-
রোনাল্ডো-মেসি প্রেরণা, বিশ্বকাপে নিজের সেরাটা দেবেন ইয়ামাল, কোন ছকে আটকাবে বেলজিয়াম?