সুমন করাতি, হুগলি: বাড়িতে ঢুকে নাবালিকার উপর যৌন নির্যাতন! শনিবার গভীর রাতের এই ঘটনায় তুমুল উত্তেজনা হুগলির মগরা থানা এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তারির পর তার কড়া শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিজেপিও।
পুলিশ সূত্রে খবর, ১৬ বছরের কিশোরীর বাড়ি মগরা থানা এলাকায়। শনিবার গভীর রাতে তার বাড়িতে ঢুকে যৌন নির্যাতন করে প্রতিবেশী যুবক। অভিযুক্তর বয়স ২৫ বছর। জানা গিয়েছে, অভিযুক্ত মেয়েটির বাবার সঙ্গে মদ খেত। এদিকে ঘটনার কথা জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। অভিযোগ পেয়েই রাতে তালান্ডু স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাকে আদালতে তোলা হয়েছে।
রবিবার সকালে থানায় আসেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনি অভিযুক্তের মায়ের সঙ্গেও কথা বলেন। থানার ভিতরে গিয়ে পুলিশের সঙ্গেও কথা বলেন। এর পর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নারী নির্যাতনের রোধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানান। বলেন, “আমি লকাপে থাকা ছেলেটিকে বললাম, পুলিশের হাতে পড়ে তুই তো বেঁচে গেলি। কাল রাতে যদি আমি তোকে পেতাম, একেবারে গুড়ো গুড়ো করে দিতাম।” থানা থেকে বেরিয়ে বিধায়ক যান নির্যাতিতার বাড়িতে। সেখানে গিয়ে নির্যাতিতার আত্মীয়তার সঙ্গে কথা বলেন।
এই ঘৃণ্য ঘটনা নিয়ে পথে নেমেছে বিজেপি। তাদের তরফে তালান্ডু জিটি রোড অবরোধ করে। জেলা সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে জি টি রোডের ওপর টায়ার জ্বালিয়ে বসে পড়ে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মগরা থানার পুলিশ। পরে পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
সর্বশেষ খবর
-
পুত্রবধূর ধর্মান্তরণের অভিযোগ, ‘বাইবেল পাঠ অন্যায়?’ প্রশ্ন অন্ধ্রের প্রাক্তন মন্ত্রীর
-
বকখালির একাধিক হোটেলে নেই সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থাই! প্রশাসনের সারপ্রাইজ ভিজিটে ফাঁস কেলেঙ্কারি
-
বারুইপুরে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার দলেরই ৪, পুলিশের জালে সাসপেন্ডেড নেতাও
-
‘ইসলামে বাধ্যতামূলক নয় হিজাব’, মুসলিম পড়ুয়ার আবেদন খারিজ করে আর কী বলল হাই কোর্ট?
-
গোবিন্দার পরকীয়া চর্চার মাঝেই বিয়ের পিড়িতে ছেলে যশবর্ধন! পাত্রী কে?