অর্ণব দাস, বারাসত: কিডনি পাচার চক্র আরও কত দূর বিস্তৃত? তদন্ত যত গভীরে যাচ্ছে, ততই যেন কেঁচো খুঁড়তে কেউটে উঠে আসছে! এবার তদন্তে অশোকনগরের কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কলকাতার একজন নেফ্রোলজিস্টের নাম হাতে পেলেন তদন্তকারীরা। দাতাদের কাছ থেকে ওই নেফ্রোলজিস্টের নাম জানতে পেরেছিল অশোকনগর থানার পুলিশ। তাঁকে নাগালে পেতে এবার মরিয়া পুলিশ।
তদন্ত সূত্রে খবর, বছর ১০-১২ আগেও সেই নেফ্রোলজিস্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশের একটি থানা। কিন্তু আইনের ফাঁকে গলে সেবারের মত পার পেয়ে যান গুণধর সেই চিকিৎসক। এবার কিডনি পাচার চক্রের সঙ্গে তাঁর যোগসূত্র পাওয়ায় চারিদিক থেকে ঘিরতে আইনের শক্ত জাল বুনতে শুরু করেছেন বারাসত জেলা পুলিশের দুঁদে কর্তারা। তাই একটি নয়, অশোকনগরের কিডনি বিক্রির আরও দু-তিনটি মামলা রুজু করতে চলেছে পুলিশ।
উল্লেখ্য, যার অভিযোগের ভিত্তিতে অশোকনগর থানার পুলিশ কিডনি পাচারের তদন্ত শুরু করেছে, তাঁর স্ত্রীর কিডনি দানের ক্ষেত্রে জেলাস্তর থেকে ‘নট রেকমেন্ড’ হয়েছিল। কিন্তু অদৃশ্য কোনও অঙ্গুলিহেলনে পরে তা ‘রেকমেন্ড’ হয়। একইভাবে সুদখোর শীতলের চাপে একাধিক কিডনি বিক্রেতারও জেলাস্তরে ‘নট রেকমেন্ড’ পরবর্তীতে সর্বোচ্চ স্তরে গিয়ে ‘রেকমেন্ড’ হয়েছিল।
বিগত দেড়-দু’বছরে বারাসত মহকুমা এলাকায় কমবেশি ২৫জন কিডনি দান করতে চান বলে জেলাস্তরে আবেদন করেছিলেন। সূত্রের খবর এরমধ্যে প্রায় ১৫টি ‘নট রেকমেন্ড’ হয়েছিল জেলাস্তর থেকে। এরমধ্যে কটি সর্বোচ্চ স্তরে ‘রেকমেন্ড’ হয়েছিল, তাতে সেই নেফ্রোলজিস্টেরই ভূমিকা ছিল কি না, তাও ইতিমধ্যে খতিয়ে দেখা শুরু করেছেন তদন্তকারীরা। বারাসত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খরিয়া জানিয়েছেন, “তদন্ত চলেছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের বয়ান যাচাই চলছে।”
সর্বশেষ খবর
-
জুনেই ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি, এককালীন টাকা! ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
‘ঘনিষ্ঠ’ সম্পর্কের পরেও নৃশংস খুন! কৃষ্ণনগরে হস্টেলে খুদের হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২ নবম শ্রেণির ছাত্রী
-
‘বিজেপির মন্ত্র আমি নয় আমরা’, সরকারি কাজের মূল্যায়নে দলের নজরদারি চান মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
অঙ্গনওয়াড়ির খাবারে আস্ত সাপ! সেই খাবারের প্যাকেট দেওয়া হল অন্তঃসত্ত্বাকে, তারপর…
-
বিশ্রী ফলের পরেও তৃণমূলে গুরুত্বহীন উত্তর, মমতার গড়া কমিটিতে শুধু গৌতম