সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ শরীরেই প্রশাসনিক সভায় যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গায়ে ১০১ জ্বর নিয়ে একটানা ৩৩ মিনিট বক্তব্য রাখলেন তিনি। রেড রোডে ধরনা মঞ্চের রংয়ের গন্ধে কাশি বেড়েছে বলেও জানান। তিনি বললেন, “আপনাদের কাছে এসে জ্বর কমে গিয়েছে, ভালো হয়ে গিয়েছি।”
বেশি কথা বলবেন না বলে জানিয়ে বুধবার হাওড়ার সাঁতরাগাছির প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি বেশি কথা বলব না। কারণ, আমার একটু কাশিটা বেড়েছে। ৪৮ ঘণ্টা ওখানে (রেড রোডের ধরনা মঞ্চে) থাকার ফলে ওখানের রংয়ের গন্ধ গলায় ঢুকেছে। কাশিটা বেশি হচ্ছে।” বৃহস্পতিবার রাজ্য বাজেট। তবে কি রাজ্য বিধানসভায় বাজেট পেশের সময় থাকবেন না মমতা, এই জল্পনা অবশ্য দানা বাঁধার সুযোগই দেননি মুখ্যমন্ত্রী। তিনি জানান, “আমি কোনও অনুষ্ঠান বাতিল করি না। এবং আপনারা চিন্তা করবেন না, আমার এতটাই ঠাণ্ডা লেগেছে যে এখন আমি আপনাদের সঙ্গে যখন বক্তব্য রাখছি তখন গায়ে ১০১ জ্বর। তা সত্ত্বেও আশা করি একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কাল বাজেট আছে। আমি যাব।”
[আরও পড়ুন: ‘যোগ্যশ্রী’ প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা মমতার, কী বললেন?]
একেবারে বক্তব্যের শেষে লড়াকু মমতা আরও বলেন, আপনাদের কাছে এসে আমার জ্বর কমে গিয়েছে। তাই চিন্তা করবেন না আগামিকাল আমি বাজেটে যাব। কাল নবান্ন। আজ হাওড়া। সবটাই করতে গিয়েছে। কাজেই নিশ্চিন্তে থাকুন এসব রোগ-টোগ, ব্যথা-ট্যথা আমাকে কাবু করতে পারবে না। আমি গুলি, লাঠির সঙ্গে লড়াই করে বেঁচে আছি। যতদিন বেঁচে থাকব ততদিন আমার সঙ্গে আন্দোলন, সংগ্রাম, মানবিকতা বেঁচে থাকবে।”
উল্লেখ্য, মাসছয়েক ধরে একাধিক চোট পেয়েছেন মু্খ্যমন্ত্রী। উত্তরবঙ্গে কপ্টার দুর্ঘটনায় কোমর ও হাঁটুতে গুরুতর চোট পান। অস্ত্রোপচার হয়। সম্প্রতি বর্ধমানের সভা সেরে ফেরার পথে তাঁর কনভয়ে একটি গাড়ি ঢুকে পড়ে। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও কপালে আঘাত লাগে তাঁর। ওইদিন দুর্ঘটনায় আঘাত পাওয়া সত্ত্বেও কলকাতায় ফিরেই রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন মমতা। কাজে ব্যাঘাত ঘটিয়ে বিশ্রাম নেওয়ার অভ্যাস যে মমতার একেবারেই নেই তা জ্বর গায়ে হাওড়ার প্রশাসনিক সভায় যোগদানেই যেন আরও একবার স্পষ্ট হল।
[আরও পড়ুন: এক দেশ, এক আইন! ইতিহাস গড়ে উত্তরাখণ্ডে পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল]
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী