সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্যের পর এবার বেসরকারি শিক্ষা!
অভিভাবকদের অভিযোগকে গুরুত্ব দিয়ে বেসরকারি শিক্ষাতেও ‘ছাত্রবন্ধু’ ব্যবস্থা চালুর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও লাগাম পরাতে শুরু করল রাজ্য সরকার৷ বুধবার টাউন হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ বৈঠকে প্রথমেই সরকারের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বেসরকারি স্কুলগুলিতে ডোনেশনের নামে অনৈতিক ব্যবসা চলছে৷ এটা চলবে না৷ বহু জায়গায় অভিভাবকদের অজ্ঞাতসারে নানা ধরনের ফি চাপিয়ে দেওয়া হচ্ছে৷ কিন্তু মনে রাখবেন, পয়সা দিয়ে মেধার বিচার হয় না৷ স্কুলের ভর্তিতেও বাইরের চক্র কাজ করছে৷” বহু বেসরকারি স্কুলে যথেষ্ট সংখ্যায় শৌচালয় বা অন্যান্য ব্যবস্থা নেই বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ অবশ্য শিক্ষার প্রসারে যে রাজ্য সরকার সমস্তরকম সাহায্য ও সহযোগিতা করবে তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আলোচনা শেষে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণের জন্য বৈঠকে উপস্থিত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন মমতা৷ ফি ঠিক করতে রেগুলেটরি কমিটি গঠন করে দিল রাজ্য সরকার৷ যেখানে লা মার্টস, শ্রী শিক্ষায়তন, সেন্ট লরেন্স, হেরিটেজের মতো স্কুলের প্রতিনিধিদের সঙ্গে থাকবেন সরকারি প্রতিনিধিও৷
৩০ মার্চ বিধানসভায় বক্তব্য রাখার সময়ই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “বেসরকারি স্কুল-কলেজের কেউ কেউ মোটা টাকা ডিমান্ড করে, ডোনেশন নেয়৷ এর একটা কন্ট্রোল থাকা জরুরি৷” সেদিনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বেসরকারি স্কুল-কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তিনি বৈঠক করবেন৷ ফলত, এদিন দুপুর দেড়টা থেকে কলকাতার টাউন হলে শুরু হয় বৈঠক৷ যেখানে ৫০টি বেসরকারি স্কুল, ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত হন৷ ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা দফতরের আধিকারিকরা৷ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ মানুষের আনা অভিযোগের জবাব প্রতিনিধিদের কাছ থেকে চান মুখ্যমন্ত্রী৷ পড়াশোনার জন্য ৫ লক্ষ ডোনেশন? সেন্ট জাভিয়ার্স কলেজের ফি শুনে রীতিমতো আঁটকে ওঠেন মুখ্যমন্ত্রী৷ হেরিটেজ স্কুলের ভর্তির ফি-এর সঙ্গে
মুখ্যমন্ত্রীর কাছে থাকা তথ্যের পার্থক্য রয়েছে৷ তবে স্কুলের তরফে বলা হয়, তারা সঠিক ফি-ই তুলে ধরেছেন৷ ভর্তির জন্য ১ লক্ষ ৬৫ হাজার টাকা, ২ লক্ষ ৪৭ হাজার টাকা দেওয়া সম্ভব? মর্ডান হাই, লা মার্টিনিয়া স্কুল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন মুখ্যমন্ত্রীর? লা মার্টস কর্তৃপক্ষ ডোনেশনের কথা অস্বীকার করলে মুখ্যমন্ত্রী বলেন, জানিয়ে দিন যে আপনারা কোনও ডোনেশন নেন না৷
[গবাদি পশু নির্দেশিকা আমরা মানব না, কেন্দ্রকে কটাক্ষ মমতার]
মাসিক ফি-ও প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে অভিযোগ অভিভাবকদের৷ এছাড়াও স্কুল ড্রেস নির্দিষ্ট দোকান থেকে কেনার ফরমান জারি করেছে স্কুল কর্তৃপক্ষ৷ এমনকী, ছাত্রছাত্রীদের শিক্ষণ সামগ্রী স্কুল থেকে কেনার নিয়ম জারি করেছে শহরের একাধিক স্কুল৷ বছরভর বিভিন্ন প্রতিযোগিতা, শিক্ষামূলক ভ্রমণ ও অনুষ্ঠানের জন্য প্রচুর টাকা স্কুল নেয় বলে অভিযোগ অভিভাবকদের৷ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একাধিক বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ শিক্ষার মানোন্নয়নই যেন প্রধান লক্ষ্য হয়, সেটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তাদের স্পষ্ট জানিয়ে দেয় সরকার৷
[উচ্চমাধ্যমিকে সসম্মানে উত্তীর্ণ মা-ছেলে, পাশ করতে পারলেন না বাবা]
পাশাপাশি বাংলা পড়ানো নিয়েও জোর দিলেন তিনি৷ তাঁর মন্তব্য, বাংলায় থাকবে অথচ বাংলা পড়বে না? বাঙালিরাও তো সিবিএসই, আইসিএসই-তে ভাল ফল করেছে৷ তাই সকলকে বাংলা পড়তে হবে৷ এদিকে, ১৩ জুন সিবিএসই, আইসিএই-র কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হবে৷ উত্তীর্ণতে অনুষ্ঠানের আয়োজন করা হবে৷ মুখ্যমন্ত্রী নিজেই তাঁদের অভিনন্দন জানাবেন৷
সর্বশেষ খবর
-
প্রাক্তন বিধায়কের ছেলের কার্যালয়ে উদ্ধার ৮০ রাউন্ড কার্তুজ, ইসিএলের নথি! সতর্ক করেছিলেন মমতাও
-
পুরুষের ঘামেই নারীর রূপচর্চা! প্রাচীন রোমে মহিলাদের ‘আসক্তি’র নেপথ্য রহস্য কী?
-
বড় দুঃসংবাদ! ‘হেরা ফেরি ৩’ থেকে সরলেন প্রিয়দর্শন, বিশ বাঁও জলে সিনেমার ভবিষ্যৎ
-
এ পর্যন্ত উদ্ধার ১ কোটির সম্পত্তি, রাম মন্দির চুরিতে ‘সিট’ নিয়ে বড় সিদ্ধান্ত যোগী প্রশাসনের
-
‘ভালো খেলেছ, আমরা গর্বিত’, বিশ্বকাপে ইরানকে ‘কোণঠাসা’ করে শুকনো সান্ত্বনা ফিফা প্রেসিডেন্টের