ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজ্যসভা নির্বাচনে ফের কাছাকাছি তৃণমূল ও কংগ্রেস। পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকেই সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি তৃণমূলের যে চারজনের নাম জানালেন তাতেও ছিল চমকে ভরা।
[রাজ্যসভার পঞ্চম আসনে কংগ্রেসের বাজি মনু সিংভি, সমর্থনের ইঙ্গিত তৃণমূলের]
জোটের সলতে পাকানোর কাজটা কিছু দিন ধরেই চলছিল। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে আবদুল মান্নানের বৈঠক। হাইকম্যান্ডের সঙ্গে কথা। সেই সূত্র ধরে শুক্রবার অভিষেক মনু সিংভির নাম ঘোষণা করে কংগ্রেস হাইকম্যান্ড। এদিন বেলায় নজরুল মঞ্চে তৃণমূলের কোর কমিটির বৈঠকে সিংভির পাশে থাকার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে পঞ্চম আসন নিয়ে আর কোনও সমীকরণ থাকল না। তৃণমূলের সমর্থনে নিশ্চিতভাবে রাজ্যসভায় যাচ্ছেন সিংভি। বামেরা প্রার্থী দিলেও তিনি জিতছেন, আর না দিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবেন কংগ্রেস প্রার্থী। সিংভির পাশে থাকার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা, তাঁর কাছে এই ব্যাপারে অনুরোধ এসেছিল। তাই সিংভিকে সমর্থন জানাচ্ছে তৃণমূল। পাশাপাশি তাঁর সংযোজন রাজ্য সরকারের হয়ে অনেক মামলা লড়েছেন সিংভি। কপিল সিব্বলও পাশে ছিলেন। একথা বলে কংগ্রেস দলের থেকেও সিংভির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা বুঝিয়ে দেন মমতা। শনিবার মনোনয়নের ব্যাপারে অভিষেক মনু সিংভি কলকাতায় আসছেন।
[রাজ্যসভা ভোটে পঞ্চম আসনেও প্রার্থী দেবে তৃণমূল]
শাসক দলের বাকি চারজনকে তৃণমূলনেত্রী যেভাবে বেছে নিলেন তা বেশ চমকপ্রদ। যাদের মনোনীত করলেন তাঁরা সে অর্থে বড় নাম নন। এঁদের নাম নিয়েও তেমন জল্পনা হয়নি। প্রার্থীরা হলেন নাদিমুল হক, আবির বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী এবং শান্তনু সেন। দলের নেতা, কর্মীদের সঙ্গে প্রার্থীদের আলাপ করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রত্যেককে বাংলার হয়ে ভাল করে কাজ করতে হবে। নাদিমুল হক এই নিয়ে দ্বিতীয়বার মনোনীত হলেন। এটা তাঁর পারফরম্যান্সের পুরস্কার বলে জানান মমতা। নদিয়ার ছেলে আবির বিশ্বাস পরিষদীয় রাজনীতিতে চেনা মুখ হলেও সংসদীয় রাজনীতিতে এই প্রথম। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে গতবার তিনি হেরে যান। একবার ওই কেন্দ্র থেকে জিতেছিলেন। তাঁর বাবা ছিলেন প্রাক্তন সাংসদ আনন্দ মোহন বিশ্বাস। শান্তনু সেন কলকাতা পুরসভার কাউন্সিলর। কাজের জন্যই শান্তনুকে প্রার্থী করা হল বলে জানান তৃণমূল নেত্রী। তৃণমূলের প্রার্থী তালিকায় চতুর্থ নামটিও নজরকাড়া। তিনি হলেন শুভাশিস চক্রবর্তী। দক্ষিণ কলকাতায় দীর্ঘ দিন আইএনটিটিইউসির সংগঠন তিনি দেখেন। পেশায় আইনজীবীও। শুভাশিসকে প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, যাঁরা সারা জীবন দলের পতাকা বয়েছে, দলের জন্য কাজ করেছে তাদের তিনি এভাবে সুযোগ দিতে চান।
[রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা কমিশনের, বাংলার পাঁচটি আসনে ভোট]
রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় স্পষ্ট অনেকগুলি বার্তা দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের যারা নিরলস কর্মী তাদের রাজ্যসভার মতো গুরুত্বপূর্ণ পদে তিনি আনবেন। রাজনৈতিক জীবনে শুভাশিস চক্রবর্তীদের মতো প্রথম দিন থেকে যাঁরা কাজ করে আসছেন তাঁরা মর্যাদা পাবেন। আবির, শান্তনুদের প্রার্থী করে বুঝিয়েছেন নব প্রজন্মকে তিনি আরও দায়িত্ব দিতে চান। এতদিন আবির, শান্তনুরা পুর-পরিষদীয় রাজনীতি করলেও এবার তাদের দিল্লি রাজনীতি বুঝতে হবে। সুতরাং বার্তা এটাই যারা কর্মঠ, দলের জন্য নিবেদিত প্রাণ তাদের যোগ্য সম্মান মিলবে। কারণ এদিন কোর কমিটির বৈঠকে তিনি জানিয়ে দেন পঞ্চায়েতের ক্ষেত্রে পুরনো কর্মীদের বঞ্চিত করা যাবে না। পাশাপাশি পঞ্চম আসন সিংভিকে ছেড়ে দেওয়ার জন্য দুই কংগ্রেসের দূরত্ব অনেকটা কমল বলে মনে করছেন বিশ্লষেকরা।
সর্বশেষ খবর
-
‘আর কত নারী বর্বরতার শিকার হবে?’, বারুইপুর গণধর্ষণ কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শুভশ্রী
-
জিআই ট্যাগ পেল শান্তিনিকেতনের বাটিক, বাড়িতেই বানিয়ে নিন এই প্রিন্টের কাপড়
-
এমন বন্ধু আর কে আছে! চ্যাটজিপিটির সাহায্যে এই কাজগুলিও করা যায় জানতেন?
-
পুত্রবধূকে ধর্ষণ, পণের দাবিতে মারধর! গ্রেপ্তার উত্তরপ্রদেশের ৫৮ বছরের রেলওয়ে ইঞ্জিনিয়র
-
রুনিকে চোখ মারা থেকে অঝোরে কান্না! লাস্ট ডান্সে ফিরে দেখা রোনাল্ডোর বিশ্বকাপের গপ্প