ধীমান রায়, কাটোয়া: এক প্রৌঢ়কে ভূতে পেয়েছে বলে মোড়লের কাছে অভিযোগ জানিয়েছিলেন প্রতিবেশী এক মহিলা। এই নিয়ে মোড়ল সালিশি সভা ডেকেছিলেন। কিন্তু সেখানে হাজির না হওয়ায় ওই ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল। সোমবার রাতে এই নারকীয় ঘটনা ঘটে কাটোয়ার শ্রীখণ্ড গ্রামে।
[রানাঘাট সন্ন্যাসিনী ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ৬ অভিযুক্ত]
পুলিশ জানায় নিহতের নাম নরেন মুর্মু(৫৬)। শ্রীখণ্ড গ্রামের তোতাপুকুর পাড়ে তাঁর বাড়ি। ঘর থেকে নরেনকে টেনে বের করে গ্রামের মোড়ল-সহ কয়েকজন পিটিয়ে মারে বলে অভিযোগ। নিহতের স্ত্রী শুখি মুর্মু ১০ জনের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ৭ জনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নরেনবাবু পেশায় জনমজুর। তাঁর বাড়িতে রয়েছেন স্ত্রী ও তিন নাতি। নাতিরা সকলেই মেয়ের ঘরের ছেলে। কয়েকবছর আগে নরেনের মেয়ে মারা যাওয়ার পর থেকে মেয়ের তিন সন্তান নরেনের বাড়িতেই থাকে। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে থেকে। ওই পাড়ার বাসিন্দা রোজিনা হাঁসদার সঙ্গে নরেনের বচসা হয়েছিল। নরেনের স্ত্রী শুখি জানান, রোজিনা গ্রামের দোকানে রেশন আনতে গিয়েছিলেন। সেখানে নরেনও গিয়েছিলেন। রোজিনা রেশন নিয়ে ফেরার সময় নরেন রোজিনার সঙ্গে ঠাট্টা করে জিজ্ঞাসা করেন ব্যাগে কী আছে? রোজিনা বলেন ব্যাগে কেরোসিন আর আটা আছে। তখন আমার স্বামী ইয়ার্কি করে বলেন ব্যাগের সব জিনিস খেয়ে নেব। শুখির কথায়, মজাচ্ছলে বললেও রোজিনা ওই কথাটি মোড়লকে জানিয়ে নালিশ করে। জানায় আমার স্বামীকে ভূতে পেয়েছে। তারপর শুনি ওরা সালিশিসভা ডেকেছে।
[সালিশি সভার নিদান, নিজেরই থুতু চাটতে বাধ্য হলেন মহিলা]
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রোজিনার সঙ্গে নরেনের একদফা বচসার পর রোজিনা মোড়লের কাছে অভিযোগ জানান। মোড়ল বিহারী হাঁসদা সোমবার সন্ধ্যায় সালিশি সভা ডাকেন। নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ অপেক্ষার করেও নরেন সেখানে না যাওয়ায় ক্ষুব্ধ হয় মোড়ল এবং রোজিনার পরিবার। এরপর মোড়ল-সহ একদল গ্রামবাসী নরেনের বাড়িতে চড়াও হয়। শুখির অভিযোগ, রাত প্রায় সাড়ে দশটা নাগাদ মোড়ল বিহারী হাঁসদা, রেজিনা ও তাঁর পরিবারের লোকজনকে বাড়ি থেকে স্বামীকে জোর করে বের করে নিয়ে যায় । তারপর লাঠি ও লোহার রড দিয়ে পেটাতে থাকে। বাধা দিতে গেলে শুখিকেও মারধর করা হয়। ঘটনাস্থলে মারা যান নরেনবাবু। গভীর রাতে কাটোয়া থানার পুলিশ খবর পেয়ে দেহটি উদ্ধার করে। এই ঘটনায় দুই মহিলা-সহ সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সর্বশেষ খবর
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর