সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর৷ হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার বিকেলের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ৷ পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও হতে পারে বৃষ্টি৷ তবে শনিবার দিনভর একইরকম অস্বস্তি বজায় থাকবে৷ এছাড়াও সামনের সপ্তাহে মঙ্গলবার এবং বুধবার টানা দু’দিন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে৷ শুক্রবারের তুলনায় দুপুরের দিকে বাড়তে পারে তাপমাত্রাও৷
[ আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ, মঙ্গলকোটে ঘরছাড়া ১০ জন বিজেপি কর্মী]
শুরু থেকেই একেবারে হাঁকিয়ে ব্যাটিং করছে গ্রীষ্ম৷ সকাল থেকে সূর্যের চোখরাঙানিতে কাহিল শহর থেকে শহরতলির মানুষ৷ বেলা বাড়তে না বাড়তে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা৷ বৈশাখের শেষ সপ্তাহেই তাপমাত্রার পারদ প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই৷ সঙ্গে দোসর অতিরিক্ত আর্দ্রতার উপস্থিতি৷ একে ঊর্ধ্বমুখী তাপমাত্রা এবং তার সঙ্গে বেশি আর্দ্রতা৷ দু’য়ে মিলে ত্রাহি ত্রাহি রব তুলেছেন সাধারণ মানুষ৷ ইতিমধ্যেই তীব্র গরমে প্রাণহানিও হয়েছে বেশ কয়েকজনের৷ শনিবারও রাজ্যের পরিস্থিতি একইরকম৷ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবারের তুলনায় এদিন দুপুরের দিকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে৷ আট জেলায় এদিনও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে৷ সপ্তম দফার লোকসভা নির্বাচন রবিবার৷ ওইদিনও তাপমাত্রার পারদ একইরকম থাকবে বলেই জানিয়েছেন আবহবিদরা৷
[ আরও পড়ুন: ষষ্ঠ দফার আগেই বুথ ফেরত সমীক্ষা তৃণমূলের, ভাল ফলের আশায় শাসকদল]
তবে, এই গরমের মাঝেই কিছুটা হলেও স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস৷ রবিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ মঙ্গলবার এবং বুধবার টানা দু’দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ উত্তরের জেলাগুলিতেও রবিবার বিকেলের পর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ তবে বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ আদৌ নামবে কিনা, তা নিয়ে এখনও কিছুই বলতে পারছেন না আবহবিদরা৷ এই পরিস্থিতিতে পথেঘাটে তাপ থেকে নিজেদের সুরক্ষিত রাখার ব্যবস্থা করে, তবেই বেরোনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷
সর্বশেষ খবর
-
২৫ হাজার ‘ঘুষে’র দাবি, না পেয়ে নাবালিকার জোড়া লাগা পা ভাঙলেন সরকারি হাসপাতালের চিকিৎসক!
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম
-
বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু