স্টাফ রিপোর্টার, কলকাতা ও নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: এবার মুর্শিদাবাদ দখলের পথে তৃণমূল কংগ্রেস৷ দলীয় সূত্রে খবর, শুক্রবারই তৃণমূলে যোগ দিতে চলেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের আরও ১০ সদস্য৷ ফলে কার্যত ধুলোয় মিশে যেতে চলেছে তথাকথিত অধীর দুর্গ মুর্শিদাবাদ৷ জেলায় বহু পঞ্চায়েত সমিতি হাতছাড়া হওয়ার পর অবশেষে কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে জেলা পরিষদ৷ এই মুহূর্তে ৬৯ আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলা পরিষদে ম্যাজিক ফিগার ৩৫৷ জেলা পরিষদে তৃণমূলের আসন সংখ্যা ছিল ১৷ বাম ও কংগ্রেস ছেড়ে আগেই তৃণমূলে যোগ দিয়েছেন ২৮ সদস্য৷ এবার যোগ দিলেন আরও ১০ জন৷ সব মিলিয়ে তৃণমূলের আসন সংখ্যা হল ৩৯৷ অনায়াসেই এবার ম্যাজিক ফিগার পার করে জেলা পরিষদের দখল নিতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর তৃণমূল ভবনে বলেন, “আগেই ২৮ জন সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন৷ আজ কংগ্রেস থেকে সাতজন, সিপিএমের দু’জন ও আরএসপির এক সদস্য তৃণমূলে যোগ দিলেন৷ ঈদের পরের দিনই ডিভিশনাল কমিশনারের কাছে নিয়ম মেনে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হবে৷”
মালদহ ও জলপাইগুড়ি জেলা পরিষদ আগেই তৃণমূলের দখলে এসেছে৷ বাকি ছিল অধীর চৌধুরির গড় বলে পরিচিত মুর্শিদাবাদ৷ এবার তা দখল করে কংগ্রেসকে প্রায় নিশ্চিহ্ন করে দিল তৃণমূল কংগ্রেস৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এর ফলে এক দিকে যেমন জব্দ করা গেল অধীর চৌধুরিকে তেমনি বাম-কংগ্রেস জোটের কফিনে আরও একটি পেরেক ঠুকে দেওয়া গেল৷
২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ৭০ আসন বিশিষ্ট জেলা পরিষদে ৪২টিতে জয় পায় কংগ্রেস৷ বামেদের দখলে আসে ২৭টি আসন ও একটি আসনে জয় পায় তৃণমূল কংগ্রেস৷ ২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল সাফল্যের পর মুর্শিদাবাদে কংগ্রেসে ভাঙনের পালা শুরু হয়৷ একে একে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি দখলের পাশাপাশি বেলডাঙা, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, জঙ্গিপুর পুরসভা দখলে নেয় তৃণমূল কংগ্রেস৷ কংগ্রেস ছেড়ে দলে দলে তৃণমূলে যোগ দেন নেতা-কর্মীরা৷ কয়েক দিন আগেই তৃণমূলে যোগ দেন রেজিনগরের কংগ্রেস বিধায়ক রবিউল আলম চৌধুরি৷ কংগ্রেসের দাবি, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে দল ভাঙানোর খেলায় মেতেছে তৃণমূল৷
সর্বশেষ খবর
-
মমতার পাশ থেকে সরলেন ‘শহিদ জননী’ ফিরোজাও! ‘ঘরের ছেলে’ শুভেন্দুর সঙ্গে থাকার বার্তা
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ