সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ কাণ্ডে ১৩ জনের অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই৷ ফুটেজে যাদের টাকা নিতে দেখা গিয়েছে, তাদের বিরুদ্ধেই দায়ের করা হয়েছে এই এফআইআর৷
এর আগে এই কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়৷ দেশের সর্বোচ্চ আদালতের তরফে সিবিআইকে প্রাথমিক তদন্তের জন্য একমাস সময় বেঁধে দেওয়া হয়েছিল৷ তার মধ্যেই এফআইআর দায়ের করা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সিবিআইয়ের৷ গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, পুরো কাণ্ডে কোথাও না কোথাও অপরাধ ঘটেছে৷ যাঁরা টাকা নিয়েছিলেন, তাঁদের খারাপ কোনও উদ্দেশ্য ছিল বলেই ধারণা গোয়েন্দাদের৷ তার ফলেই মদন মিত্র, সুলতান আহমেদ, ফিরহাদ হাকিম, সৌগত রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, মুকুল রায়-সহ মোট তেরো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল৷ দুর্নীতিদমন, ষড়যন্ত্র ও ঘুষ নেওয়ার অভিযোগে হেভিওয়েট নেতা-মন্ত্রীদের পাশাপাশি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধেও দায়ের হল এই এফআইআর৷
[ রাজনৈতিক কর্মসূচি নয়, সুদীপকে দেখতেই ওড়িশায় মমতা: পার্থ ]
যদিও নারদ কাণ্ড নিয়ে গোড়া থেকেই রাজনৈতিক চাপানউতোর আছে৷ একদিকে এই ফুটেজে রাজ্যের শাসকদলের বহু নেতা, মন্ত্রী সাংসদকে টাকা নিতে দেখা গিয়েছে৷ ফলে শাসকদলের পক্ষে তা বেশ বিড়ম্বনার৷ অন্যদিকে নারদ কর্তা কেন এ অপারেশন করলেন, কে টাকা জোগাল, সে প্রশ্নও তোলা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে৷ রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের অভিযোগও তোলা হয়েছিল এই ইস্যুতে৷ বিধানসভা নির্বাচনের আগে এই স্টিং অপারেশন ঝড় তুলেছিল রাজ্য-রাজনীতিতে৷ শাসকদলের পক্ষে সাফাই দিয়ে বলা হয়েছিল, ঘুষ নয়, নেওয়া হয়েছিল ডোনেশন৷ অন্যদিকে শহরে এসে চ্যালেঞ্জ জানিয়ে নারদ কর্তা জানিয়ে গিয়েছিলেন, কোনও ডোনেশন নয়, ঘুষই দেওয়া হয়েছিল৷ এদিকে ফুটেজ কতটা সত্যি তা নিয়েও ধোঁয়াশা ছিল৷ যদিও ফরেন্সিক পরীক্ষার পর ফুটেজের সত্যতা নিয়ে আর কোনও সংশয় ছিল না৷ যার অর্থ রাজ্যের হেভিওয়েট নেতা মন্ত্রীরা যে টাকা নিয়েছেন তা নিয়ে কোনও ধন্দ নেই৷ প্রশ্ন হল, কী উদ্দেশ্যে এই টাকা নেওয়া হয়েছিল? সিবিআই গোয়েন্দাদের ধারণা, পুরো ঘটনায় অনেক ধোঁয়াশা এখনও থেকে গিয়েছে৷ যাঁরা টাকা নিয়েছিলেন তাঁরা কেন টাকা নিয়েছিলেন, টাকার বিনিময়ে কী প্রতিশ্রুতি দিয়েছিলেন তা জানতে চান গোয়েন্দারা৷ পাশাপাশি খতিয়ে দেখতে হবে নারদ কর্তার ভূমিকাও৷ তাই নারদ কর্তার মুখোমুখি অভিযুক্তদের বসিয়েও জেরা করা বা বয়ান নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে৷ এর পাশাপাশি গোয়েন্দারা মনে করছেন, এই ঘটনায় যাঁদের ছবিতে দেখা যাচ্ছে শুধু তাঁরাই নন, জড়িয়ে আরও অনেকে৷ তাই অজ্ঞাতপরিচয় অন্যদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে৷ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া এক মাস সময় সোমবারই শেষ হল৷ তাই আজই এ ব্যাপারে এফআইআর দায়ের করা হল৷
[ তিন তালাক প্রথা বন্ধ করতে যজ্ঞে শামিল মুসলিম মহিলারা ]
ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, “শুধু সাদামাটা চোখে এই এফআইআরকে দেখলে চলবে না৷ সময়কালটাও মাথায় রাখতে হবে৷ কেন এই সময়েই এই এফআইআর আর দায়ের হল তা বুঝতে হবে৷ দল এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে৷” অন্যদিকে সিবিআইয়ের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, “বাংলার মানুষ এটার দিকে তাকিয়ে ছিল৷” খোদ নারদকর্তা ম্যাথু স্যামুয়েলও সিবিআইয়ের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন৷
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়