সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব খোদ পুলিশমন্ত্রী৷ ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির নাম করে নিরীহ মানুষের কাছ থেকে টাকা তোলা হচ্ছে, বলে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই৷ দিঘার প্রশাসনিক বৈঠকে পুলিশকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিলেন তিনি৷
[আরও পড়ুন: টোটোর বদলে ই-রিকশা, চালকদের লাইসেন্সে উল্লেখ থাকবে রুটও]
দুর্ঘটনা কমাতে রাজ্য সরকারের তরফে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি নেওয়া হয়৷ এই কর্মসূচির অঙ্গ হিসাবে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বেপরোয়া গতির গাড়ির চালকদের ধরপাকড়ও করা হচ্ছে৷ কিন্তু এই ইস্যুতে ক্রমশই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের৷ তাঁদের অভিযোগ, ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির অজুহাতে তোলাবাজি করছে পুলিশ৷ দিঘায় প্রশাসনিক বৈঠকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অকারণে মাঝেমধ্যেই জরিমানা করা হচ্ছে বলেই সুর চড়ান তিনি৷
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যে সত্যি ন্যাশনাল হাইওয়েতে কেউ দুষ্টুমি করে তাকে কেস দিন৷ অন্যায় করলে রেয়াত নয়৷ কিন্তু গরিব মানুষ যার পকেটে ৪০০ টাকা রয়েছে তার থেকে কেন টাকা নেওয়া হচ্ছে? অলি-গলিতে ঢুকে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে৷ আইসি সিভিক ভলান্টিয়ারদের বলে দিচ্ছেন যা গাড়ি ধরে টাকা নে৷ সিভিক ভলান্টিয়াররা প্রশিক্ষণপ্রাপ্ত নয়৷ তাদের দিয়ে কেন টাকা নেওয়া হচ্ছে? আগে ওদের ট্রেনিং দিন৷ আমরা কি চাই সলিউশন না পলিউশন? সলিউশন চাইলে মানবিক হতে হবে৷’’ বেআইনিভাবে তোলাবাজি রুখে আইসি, ওসিদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ দুর্ঘটনা রোধে দিঘাগামী রাস্তায় সিসিটিভি বসানোর পরামর্শও দিয়েছেন তিনি৷
[আরও পড়ুন: পণের দাবিতে ‘অত্যাচারিত’, বালুরঘাটে শ্বশুরবাড়ির সামনে ধরনায় গৃহবধূ]
সম্প্রতি মিড ডে মিলে নুন-ভাত দেওয়ার ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি৷ এ বিষয়েও চিন্তিত মুখ্যমন্ত্রী৷ বারবার স্কুলে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের মিড ডে মিল দেখভালের নির্দেশ দিয়েছেন তিনি৷ বছরের প্রায় বেশিরভাগ সময়েই পর্যটকদের ভিড়ে ঠাসা থাকে দিঘা৷ তাই পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে সকলকে নজর রাখার কথা বলেন তিনি৷ হোটেলের ভাড়া যাতে লাগামছাড়া বৃদ্ধি না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷
সর্বশেষ খবর
-
‘অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হতে দেব না’, শাহী ঘোষণার পরই বেঁকে বসল জোটসঙ্গী
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?