দুর্নীতির অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যেই পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন নৈহাটি বড়মা মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য। রবিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক প্রভাব খাটিয়ে মাঝরাতে মন্দির খুলিয়ে জন্মদিন পালন করেছিলেন। পাশাপাশি নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা মন্দির কমিটির প্রাক্তন সভাপতি অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মন্দির পরিচালনায় প্রভাব খাটানোর অভিযোগ তুললেন তিনি। জানালেন, থানায় অভিযোগ দায়ের করবেন।
পার্থ ভৌমিক প্রসঙ্গে ঠিক কী বলেছেন তাপস? তাঁর কথায়, “প্রভাব খাটিয়ে জন্মদিন পালন করেছেন। জোর করে যদি আমাদের এসে বলেন, আমি মন্দির না খুলে কী করব?” তাপসবাবুর দাবি, পার্থ ভৌমিকের রাজনৈতিক প্রভাবের কারণেই নির্ধারিত সময়ের পরে মন্দির খুলতে বাধ্য হয়েছিলেন। এরপরই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন মন্দির কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, “আমরা পুতুল ছিলাম। সভাপতির কথাতেই মন্দির চলত। অশোক চট্টোপাধ্যায়ের অঙ্গুলিহেলনেই আমাদের কাজ হত।” সম্পাদক হলেও কার্যত স্বাধীনভাবে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না বলেও দাবি করেন তিনি। পাশাপাশি জানান, অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন।
আরও পড়ুন:
এদিন বড়মা মন্দিরের প্রণামী বাক্স চুরির ঘটনাও স্বীকার করেন তাপস। এপ্রসঙ্গে প্রাক্তন ট্রাস্টি সদস্য সুনীল সাউয়ের নাম উল্লেখ করে জানান, তাঁকে কমিটি থেকে বহিষ্কার করা হয়েছিল। মন্দিরের সোনা-গয়না নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তাপস স্বীকার করেন, দানের গয়না গলিয়ে মায়ের মূর্তির অলংকার তৈরি করা হয়েছে। তাঁর দাবি, সমস্ত ভ্যালুয়েশন ও নথি সংরক্ষিত রয়েছে। মন্দিরে বিভিন্ন সামগ্রী কেনা নিয়েও প্রশ্ন ওঠে। তাপস জানান, সব কেনাকাটাই কমিটির সিদ্ধান্তে এবং চেকের মাধ্যমে হয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা আর্থিক তছরুপের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে তাপস বলেন, “আমার কাছে অডিট আছে, হিসাব আছে, সোনার ভ্যালুয়েশন আছে। দেখতে চাইলে সব দেখিয়ে দেব।”
প্রসঙ্গত, দিন কয়েক আগে তাপস ভট্টাচার্য ও মন্দির কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে দুর্নীতির অভিযোগ জানিয়ে আবেদন জমা পড়ে। এরপর তাঁকে ডিম ছোড়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। তাপসের দাবি, পুরনো কমিটির কয়েকজন সদস্য ও কিছু ব্যবসায়ী তাঁকে কমিটি থেকে সরানোর উদ্দেশ্যেই এই প্রচার চালাচ্ছেন। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা হোক, আর অভিযোগ মিথ্যা হলে অভিযোগকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সর্বশেষ খবর
-
কেন বাতিল হল অন্নপূর্ণার আবেদন? খতিয়ে দেখতে বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা, আশ্বাস মন্ত্রীর
-
হোয়াটসঅ্যাপের নয়া ‘ইউজারনেম’ ফিচারে শঙ্কা, ব্যাখ্যা দিতে তিনদিন অতিরিক্ত সময় পেল মেটা
-
‘রাজনীতি করে দুর্নামই হয়েছে’, তৃণমূল ছেড়ে ভারতভ্রমণে ‘বীতশ্রদ্ধ’ ঝাড়গ্রামের প্রাক্তন কাউন্সিলর
-
‘সর্বকালের অন্যতম সেরা’, পর্তুগালের বিরুদ্ধে নামার আগে রোনাল্ডোর পাশে স্প্যানিশ মিডফিল্ডার
-
সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা, দুর্যোগের পূর্বাভাসে দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় নির্দেশিকা