সুমিত বিশ্বাস, পুরুলিয়া: তিনদিনে ২ বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। এদিকে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ঘটনার পিছনে শাসকদলের হাত দেখছে গেরুয়া শিবির। তোলা হয়েছে সিবিআই তদন্তের দাবি। এরই মধ্যে সরানো হল পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাসকে। তাঁর জায়গায় দায়িত্বে আনা হল আকাশ মাঘারিয়াকে। সূত্রের খবর, ময়নাতদন্তের আগেই রহস্যমৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছিলেন জয়বাবু। তার জেরেই চড়তে থাকে উত্তেজনার পারদ। বিরোধীরা দাবি তোলে, তদন্তে নামার আগেই কী করে ত্রিলোচন মাহাতো ও দুলাল কুমারের মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলেন পুলিশ সুপার। আর তার জেরেই চাপে পড়ে তাঁকে বদলি করার সিদ্ধান্ত নেয় নবান্ন, এমনটাই সূত্রের খবর।
[কর্মী মৃত্যুর প্রতিবাদে এবার গোটা পুরুলিয়ায় ১২ ঘণ্টা বনধ ডাকল বিজেপি]
অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে আগামিকাল, রবিবার ১২ ঘণ্টার পুরুলিয়া বনধের ডাক দিয়েছে বিজেপি। যার ফলে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে জঙ্গলমহলে। ফিরে আসছে মাও জমানার স্মৃতি। দলীয় কর্মী ত্রিলোচন মাহাতোর মৃত্যুতে গত বৃহস্পতিবার পুরুলিয়ার বলরামপুরে ১২ ঘণ্টার বনধ ডেকেছিল বিজেপি। তখনই প্রায় শুনশান ছবি ধরা পড়েছিল ওই শহরে। এদিকে, পুলিশ সুপারের বক্তব্যে অসঙ্গতির অভিযোগ তুলে সরব হয় গেরুয়া শিবির। রাজ্যের সিআইডি তদন্তের সিদ্ধান্তকেও কটাক্ষ করেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, দুই কর্মীর মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হবে। পুলিশ সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে বিজেপি। সূত্রের খবর, অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই পুলিশ সুপারকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[তিনদিনে ২ কর্মীর রহস্যমৃত্যু, পুরুলিয়া যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল]
উল্লেখ্য, জঙ্গলমহলে দুই বিজেপি কর্মী খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ শনিবার কলকাতা সফরে এসে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘‘রাজ্যে প্রতিদিন রাজনৈতিক খুনের ঘটনা ঘটছে। পুরুলিয়ার দুটি ঘটনায় অমানবিক। পুরুলিয়াতে যদি অবাধ ভোট হত তাহলে বিজেপি ওখানে ক্ষমতায় আসত। পঞ্চায়েতে সন্ত্রাস হয়েছে। রিগিং হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন মমতা নির্বাচন কমিশন হয়ে গিয়েছে।’’ এদিন তিনি আরও বলেন, ‘‘রাজ্যে একতরফা ভোট হওয়া সত্ত্বেও বিজেপি আজ সিপিএম, কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় হয়েছে। আজ আমরা প্রধান বিরোধী হয়ে গিয়েছি। বিজেপির বৃদ্ধি হচ্ছে।’’ এমনকি, লোকসভায় পশ্চিমবঙ্গে সিংহভাগ আসন বিজেপি পাবে বলেও এদিন দাবি জানান জাভড়েকর৷
সর্বশেষ খবর
-
দুর্যোগপূর্ণ আবহাওয়া, উইকএন্ডে দিঘায় সমুদ্রস্নানে না প্রশাসনের, চলছে মাইকিং
-
বিশ্বকাপে আফ্রিকার লক্ষ্মীলাভ, কাঁড়ি কাঁড়ি টাকা পেল দেশ, প্রাপ্য মূল্য পাবেন ভোজিনহা-সালাহরা?
-
আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃত! সিবিআইকে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের
-
মমতা জমানায় পড়ুয়াদের জামায় ‘রাজনীতির রং’, স্কুল ইউনিফর্ম নিয়ে ডিআইদের সমীক্ষার নির্দেশ
-
ভিয়েতনামে ডুবল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, মৃত অন্তত ১৫, জারি হেল্পলাইন নম্বর