পলাশ পাত্র, তেহট্ট: সিপিএম নেতাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার নাকাশিপাড়ার মুণ্ডমালা পাড়ায়। বুধবার রাতে খুব কাছ থেকে ওই সিপিএম নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কী কারণে খুন, কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে নদিয়ার নাকাশিপাড়ার মুণ্ডমালা পাড়ায় সারারাত ব্যাপী কবাডি খেলার আয়োজন করা হয়েছিল। সেখানেই ছিলেন বছর পঁয়তাল্লিশের সিপিএম নেতা টিঙ্কু শেখ। খেলা উপলক্ষ্যে তারস্বরে মাইক বাজছিল মাঠ চত্বরে। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি করে টিঙ্কুকে। মাইকের আওয়াজে চাপা পড়ে যায় গুলির শব্দ। রক্তাক্ত অবস্থায় ওই সিপিএম নেতা মাটিতে লুটিয়ে পড়লে সকলের নজরে পড়ে বিষয়টি। এরপর স্থানীয়রা তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়েই ঘটনা্স্থলে যায় পুলিশ। ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। আচমকা এই মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার।
[আরও পড়ুন: স্বাধীনতার ৭২ বছর পরেও নেই রাস্তা, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা ‘ডুলি’]
জানা গিয়েছে, টিঙ্কু শেখ নামে ওই ব্যক্তির নদিয়ার নাকাশিপাড়ার মুণ্ডমালা পাড়ার বাসিন্দা। সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গত পঞ্চায়েত ভোটে সিপিএমের হয়ে লড়াইও করেছিলেন তিনি। তবে পেশায় তিনি স্যাকরা ছিলেন। কিছুদিন আগে কেবলের ব্যবসাও শুরু করেন। কিন্তু কী কারণে এই খুন? রাজনৈতিক শত্রুতা নাকি ব্যবসায়িক কোন্দল? তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে নিহতের পরিবার, প্রতিবেশীদের সঙ্গে কথা বলা হবে। নিহতের পরিবারের দাবি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে দোষীদের গ্রেপ্তার করা হবে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে কোনওভাবেই রাজনীতির কোনও যোগ নেই।
[আরও পড়ুন: শ্যালিকার সঙ্গে পরকীয়া জানাজানি হওয়ায় আত্মঘাতী জামাইবাবু, আশঙ্কাজনক তরুণী]
সর্বশেষ খবর
-
মেডিক্যাল কলেজের অধ্যাপকদের পদোন্নতিতে আর স্বজনপোষণ নয়! বড় পদক্ষেপ রাজ্যের
-
স্বরূপ গ্রেপ্তার হতেই খেলা শেষ! প্র্যাকটিস বন্ধ সুরুচির, আদৌ খেলবে শ্রীভূমি-ডায়মন্ড হারবার?
-
চাকরির ‘টোপ’ দিয়ে হাতানো জমিতে প্রাসাদ! জনতার বিক্ষোভে ‘গৃহবন্দি’ তৃণমূল নেতা
-
সরকারি বাড়ি পেতে নিজের তথ্য যাচাই করুন নিজেই! সাধারণের সুবিধার্থে নয়া অ্যাপ আনল রাজ্য
-
অভিনয় থেকে অবসর নিচ্ছেন অক্ষয়! ‘মৃত্যুর ৫ মিনিট আগে…’, কোন ইঙ্গিত খিলাড়ি কুমারের?