সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বিকাশ ভবনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষক-অশিক্ষককর্মীদের উপর পুলিশি জুলুমের অভিযোগ। এর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের স্বতঃপ্রণোদিত পদক্ষেপ চেয়ে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর অভিযোগ, একাধিক আইন ভেঙেছে পুলিশ। তাদের ‘ অতিরিক্ত শক্তি প্রদর্শনে’ ৩০ জন আন্দোলনকারী জখম হয়েছে বলে দাবি করেছেন বিজেপি সাংসদ।
হাই কোর্টকে চিঠি লিখেছেন জ্যোতির্ময় সিং মাহাতো। তাতে তিনি জানিয়েছেন, ১৫ তারিখ রাতে বিকাশ ভবনের বাইরে আন্দোলনকারী শিক্ষক-অশিক্ষক কর্মীদের উপর নির্মম অত্যাচার করা হয়েছে। অতিরিক্ত শক্তি প্রদর্শন করেছে পুলিশ। তাতে অন্তত ৩০ জন জখম হয়েছেন। অধিকাংশের মাথায়-হাড়ে আঘাত লেগেছে। রিপোর্ট বলছে, মাথা-গোপনাঙ্গের মতো স্পর্শকাতর অঙ্গকেই টার্গেট করেছিল পুলিশ। সাংসদের দাবি, পুরুষ পুলিশ কর্মীরা মহিলা আন্দোলনকারীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। গালিগালাজও করেছেন। আবার এই পুলিশই নিষ্ক্রিয় থেকেছে যখন তৃণমূল নেতারা ঘটনাস্থলে ‘দাদাগিরি’ দেখায়। বিজেপির সাংসদের অভিযোগ, আইন ভেঙেছে পুলিশ। খর্ব হয়েছে মৌলিক অধিকার এবং আইনের শাসন। এবিষয়ে কলকাতা হাই কোর্টের স্বতঃপ্রণোদিত পদক্ষেপ দাবি করেছেন পুরুলিয়ার সাংসদ।
এসএসসি ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ার পর চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষককর্মী। মিরর ইমেজ প্রকাশ ও বেশ কিছু দাবিতে বৃহস্পতিবার আন্দোলন অন্য চেহারা নেয়। ২ থেকে আড়াই হাজার লোক জড়ো হয়। বিকাশ ভবনের গেট ভেঙে বিক্ষোভে বসেন। বিকেলে জানিয়ে দেন বিকাশ ভবন ঘেরাও করবেন আন্দোলনকারী। সেখানে আটকে পড়েন প্রচুর সরকারি কর্মচারী। পুলিশ তাঁদের বার করার সময় বাধা দেন শিক্ষকরা। তখনই পরিস্থিতি বদলাতে শুরু করে। পুলিশকে বলপ্রয়োগ করতে দেখা যায়। এদিন রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠকে বলেন, “৭ ঘণ্টা ধরে পুলিশ বুঝিয়েছে। বিকাশ ভবনে ৫৫টি দপ্তর, ৫০০-৬০০ কর্মী রয়েছেন। একজন সন্তানসম্ভবা অসুস্থ বোধ করেছিলেন। কারও মা অসুস্থ। সন্ধের পর তাঁরা বেরতে চান। কিন্তু আন্দোলনকারীরা তাঁদের বেরতে বাধা দেন। তাঁদের বের করতে গেলে বাঁধার মুখে পড়ে নূন্যতম বলপ্রয়োগ করা হয়েছে। যা করা হয়েছে সমস্তটাই প্রোটেকল মেনে।” এবার তা নিয়ে চিঠি দিলেন বিজেপি সাংসদ।
সর্বশেষ খবর
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
-
নজরে মহিলা ও যুবসমাজ, মোদির জন্মদিন উপলক্ষে একমাসের মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির
-
‘দুর্নীতিমুক্ত’ পুজোয় কোপ বাজেটে, উত্তর থেকে দক্ষিণ, ‘ছোট’ হচ্ছে কলকাতার কোন বড় পুজো?
-
এসআইআরে সেরা বিএলও, এবার ৭ দিনেই জনগণনার কাজ শেষ করলেন কালনার শিক্ষক