সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাপের দেবী মনসা। মা মনসার পুজো করে সাপের কামড়ে প্রাণ হারানো লক্ষ্মীন্দরকে ফিরে পেয়েছিলেন বেহুলা। তাই মা মনসাকে সন্তুষ্ট রাখলে সর্পদংশন থেকে মিলবে মুক্তি। বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে এমন বিশ্বাস আজও রয়েছে। অথচ সেই মা মনসার চরিত্রে অভিনয় করতে গিয়েই কিনা সাপের কামড়ে প্রাণ হারালেন এক অভিনেত্রী। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে হাসনাবাদের বরুণহাটে।
[পাহাড়ি নদীতে সিলিন্ডার বোঝাই গাড়ি, দুর্ঘটনায় মৃত ২]
কদিন আগেই কোচবিহারের হলদিবাড়িতে এক যুবক বিনা-প্রশিক্ষণে সাপ ধরতে গিয়ে তার কামড়ে প্রাণ হারিয়েছিলেন। এবার সেই ঘটনার ছায়া হাসনাবাদে। মনসামঙ্গল যাত্রাপালায় অভিনয় করছিলেন অভিনেত্রী কালীদাসী দেবী। দীর্ঘ কয়েক বছর ধরে এই চরিত্রে অভিনয় করে আসছিলেন তিনি। কিন্তু প্রতিবারই মঞ্চে অভিনয়ের সময় প্লাসটিকের সাপ ব্যবহার করা হত। এবারই প্রথম বিষাক্ত গোখরো সাপ নিয়ে মঞ্চে উঠেছিলেন মা মনসা রূপী কালীদাসী দেবী। আর তাতেই ঘটল বিপদ। অভিনয়ের মাঝেই ৫০ বছরের প্রৌঢ়া অভিনেত্রীর হাতে ছোবল বসায় ওই সাপ। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে প্রথমে ওষুধ খাওয়ানো হয়। তবে তাতে কোনও কাজ না হওয়ায় নিয়ে যাওয়া হয় পাশের মনসামন্দিরে। সেখানে তাঁকে শুইয়ে রেখে ঝাড়ফুঁক শুরু করে স্থানীয় ওঝা। স্থানীয়দের মধ্যে অনেকেই অভিনেত্রীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু ওঝার নির্দেশে সেখানেই দীর্ঘ চার ঘণ্টা ফেলে রাখা হয় কালীদাসী দেবীকে। তাঁকে ঘিরে ঝাড়ফুঁক দেখতে ভিড় জমিয়েছিলেন নাট্যদলের সদস্যরাও। কিন্তু অবস্থার কোনও উন্নতি না হওয়ায় শেষমেশ একপ্রকার জোর করেই তাঁকে হাসনাবাদ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এমনকী এও বলা হয়, হয়তো আগে আনলে তাঁকে বাঁচানো সম্ভব হত।
[হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু চিকিৎসকের, শোকের ছায়া বাঁকুড়া মেডিক্যালে]
এই ঘটনায় ইতিমধ্যেই ওই নাট্যদলের সদস্যদের আটক করেছে পুলিশ। কীভাবে প্রশিক্ষণ ছাড়াই যাত্রার মঞ্চে সাপের ব্যবহার করা হচ্ছিল, তা নিয়েও উঠছে প্রশ্ন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহ-সম্পাদক সৌরভ চক্রবর্তী বলছেন, সাধারণত অভিনয়ের সময় সাপগুলিকে নির্বিষ করে নেওয়া হয়। তবে এক্ষেত্রে বিষাক্ত গোখরো নিয়েই মঞ্চে উঠেছিলেন অভিনেত্রী। বিনা-প্রশিক্ষণে এমন সাহস দেখানোর নিয়ম নেই। এই মর্মান্তিক কাণ্ডের জন্য ওই ওঝাকেও গ্রেপ্তার করা উচিত বলে মত তাঁর। প্রশ্ন উঠছে, এমন ঘটনা থেকে কি শিক্ষা নিল বাকি নাট্যদলগুলি?
সর্বশেষ খবর
-
‘আইএএস পরে হবেন, আগে আদর্শ মা হওয়া শিখুন’, ছাত্রীদের পরামর্শ উত্তরপ্রদেশের রাজ্যপালের
-
উত্তরপ্রদেশে পুলিশ-গ্যাংস্টার ধুন্ধুমার গুলির লড়াই, এনকাউন্টারে খতম ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী
-
‘আমার দৃষ্টিভঙ্গি রাজনৈতিক নয়, ব্যক্তিগত’, বৃষ্টিস্নাত কলকাতায় ছবির প্রচারে বললেন ইমতিয়াজ
-
ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার সিরিজ হার, অধিনায়ক হিসাবেও জয়হীন, কী সাফাই শ্রেয়সের?
-
রাতভর প্রবল বৃষ্টিতে জেরবার কলকাতা, জলমগ্ন বহু এলাকা, রাজ্যজুড়ে জারি সতর্কতা