সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: এবার বাগনানে ছড়াল ট্যারান্টুলা আতঙ্ক৷ সোমবার সকালে বাগনান থানার মুর্গাবেড়িয়া গ্রাম-সহ কয়েকটি এলাকায় ট্যারান্টুলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে মুর্গাবেড়িয়ার বাসিন্দা ইব্রাহিম মল্লিক উঠোন পরিষ্কার করতে গিয়ে পাশের একটি ঝোপের মধ্যে একটি অদ্ভুতদর্শন মাকড়সা দেখতে পান। এরপর তিনি বিষয়টি হাওড়া জেলাপরিষদ সদস্য রেজ্জাক হাজারিকে জানান। পরে স্থানীয় যুবকরা মাকড়সাটিকে একটি জারের মধ্যে ভরে বনদপ্তরের হাতে তুলে দেন। মাকড়সাটিকে ট্যারান্টুলা প্রজাতির বলে দাবি করেন তাঁরা। যদিও পরীক্ষার পর এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়।
[জঙ্গলমহলের পর ট্যারেন্টুলা আতঙ্ক ছড়াচ্ছে আরামবাগেও]
এই ঘটনার কথা জানাজানি হতেই আশপাশের তুলসীবেড়িয়া, কামিনা-সহ বেশ কয়েকটি গ্রাম থেকে এই ধরনের অদ্ভুতদর্শন মাকড়সা দেখতে পাওয়া গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে সেইসব এলাকাতেও। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুরো বিষয়টির উপর নজর রাখা হয়েছে। একইসঙ্গে এই বিষয়ে অহেতুক আতঙ্ক না ছড়ানোর জন্য গ্রামের মানুষদের কাছে অনুরোধ জানানো হয়েছে। কোথাও এই ধরনের মাকড়সা দেখা গেলে তৎক্ষণাৎ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
সম্প্রতি রাজ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ট্যারান্টুলার আতঙ্ক৷ একাধিক জায়গায় দেখা মিলেছে অতি বিষাক্ত মাকড়সাটির৷ এর কামড়ে ইতিমধ্যে অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন৷ যদিও কোনও মৃত্যুর খবর এখনও পাওয়া যায়নি৷ কয়েকদিন আগেই আরামবাগের দুটি এলাকা থেকে উদ্ধার হয় এই বিষাক্ত মাকড়সা৷ এর আগে নয়াগ্রাম ও ঝাড়গ্রামেও ছড়ায় ট্যারান্টুলার আতঙ্ক৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মাকড়সাটির প্রায় ৯০০টি প্রজাতি রয়েছে৷ প্রধানত আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়ায় বাস এই প্রাণীটির৷ তবে ভারতেও এর দেখা মিলেছে৷ যদিও এমন বিপুল হারে পশ্চিমবঙ্গে এই মাকড়সার বৃদ্ধি রীতিমতো গবেষণা করার বিষয়৷
[রাজধানী এক্সপ্রেসে পাথর ছুড়ল দুষ্কৃতীরা, আহত ৬ যাত্রী]
সর্বশেষ খবর
-
বারুইপুরের ‘নির্দোষ’ ইন্দ্রজিৎকে খুনে জারি ধরপাকড়, মুখ্যমন্ত্রীর সফরের আগেই গ্রেপ্তার আরও ৩
-
সৃজিতের গোয়েন্দা ছবিতে ‘কানাইচরণ’ যিশু, প্রথমবার টিমে ‘কিশোরী’ ইধিকা, কবে শুরু শুটিং?
-
অসমের ফ্লাইওভারে জুবিনের ম্যুরালে চে-র ছায়া! ক্ষোভ উগরে দিলেন হিমন্ত
-
দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে কর্মরত শ্রমিকের মৃত্যু, প্রশ্নের মুখে নিরাপত্তা
-
ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৪০ কোটি! অন্নপূর্ণার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ গৃহবধূর, ব্যাপারটা কী?