সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ট্রেলারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু। আর তার জেরেই সোমবার সকালে তুমুল উত্তেজনা দেখা গেল পুরুলিয়া মফস্বল থানার নাদিয়াড়া গ্রামের কাছে। মৃতদেহ আটকে রেখেই বিক্ষোভ শুরু হয়। পুলিশ এলে মৃতদেহ উদ্ধারেও বাধা পায় বলে খবর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে ওই পথ দুর্ঘটনা হয় পুরুলিয়া মফস্বল থানার ছড়রা-নাদিয়াড়া সড়কের উপর। সাইকেল চালিয়ে এক ব্যক্তি রাস্তা ধরে যাচ্ছিলেন। সেসময় দ্রুতগতিতে আসা একটি ট্রেলার ওই সাইকেলে পিছন থেকে ধাক্কা মারে। আরোহী রাস্তায় পড়ে গেলে ট্রেলারের চাকা তাঁর উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়।
স্থানীয় গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয়। তিন ঘণ্টার বেশি রাস্তায় মৃতদেহ পড়ে থাকে। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বললেও তাঁরা মৃতদেহ তুলতে দেননি। রাস্তায় তীব্র যানজট দেখা যায়। বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার উপর দিয়ে বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে। এর আগেও বহুবার দুর্ঘটনা ঘটেছে। পুলিশ আশ্বাস দিলেও ওই এলাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য কোনও ব্যবস্থাও নেওয়া হয়নি। মৃতের পরিবারকে ক্ষতিপূরণের দাবিও তোলা হয়।
এদিন পুলিশ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বিক্ষোভকারীদের কথা হয়। ফের পুলিশ যানবাহনের গতি নিয়ন্ত্রণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে। মৃতের পরিচয় সকাল পর্যন্ত জানা সম্ভব হয়নি। ঘাতক ট্রেলারের চালক দুর্ঘটনার পরই গাড়ি ফেলে পালিয়েছেন। পুলিশ ঘাতক গাড়িটিকে উদ্ধার করেছে। চালকের সন্ধান চলছে।
সর্বশেষ খবর
-
এবার ক্যামাক স্ট্রিটে ‘ফায়ার অডিট’, অভিষেকের দপ্তরে পুলিশ-দমকল-পুরসভা
-
‘কেউ সাধু নয়’, অভিজিৎ দীপকে, সৌরভ দাসদের বিঁধলেন সোনম ওয়াংচুক
-
সার নিয়ে ‘কালোবাজারি বরদাস্ত নয়’, কৃষকদের নালিশ শুনেই আধিকারিকদের থেকে হিসাব চাইলেন মন্ত্রী
-
‘হিমশৈলের চূড়া মাত্র’, ৩০ কোটির লেনদেনে ‘সুপ্রিম’ দরবারে লিপস এন্ড বাউন্ডস প্রসঙ্গ তুলল রাজ্য
-
‘হেরে রেল আটকে দিয়েছিলেন’, নন্দীগ্রামে দাঁড়িয়ে ফের মমতাকে বিঁধলেন শুভেন্দু, দিলেন উন্নয়নে ঢালাও আশ্বাস