সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: আঙুল নেই, তাই আধারও নেই! আধার না থাকায় হরি আপটার জীবনেই এখন নেমে এসেছে আঁধার৷ আধার কার্ড না থাকায় পেনশন বন্ধ হয়ে গিয়েছে ইসিএলের অবসরপ্রাপ্ত শ্রমিকের৷ কুষ্ঠ রোগের কারণে তাঁর হাতের আঙুলগুলি প্রায় ক্ষয়ে গিয়েছে৷ ফলে আধার কার্ড তৈরি করা যাচ্ছে না৷ তাই ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক না থাকায় বন্ধ হয়ে গিয়েছে পেনশন৷ শেষ বয়সে টাকা না পেয়ে কার্যত অনাহারে দিন কাটাচ্ছেন ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী৷
অন্ডালের খাঁদরার নাগকাজোরা কোলিয়ারির কর্মী ছিলেন হরি আপটা৷ ১৯৯৮ সালে তিনি চাকরি থেকে অবসর নেন৷ অবসরের পর থেকে নিয়মিতভাবেই ব্যাংক থেকে পেনশন পাচ্ছিলেন৷ মেয়ের বাড়িতেই থাকেন হরি আপটা৷ আচমকাই ব্যাংক জানিয়ে দেয়, আর তাঁকে পেনশন দেওয়া যাবে না৷ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকায় বন্ধ হয়ে যায় পেনশন৷
[চা বাগানে ঘনিষ্ঠ প্রেমিক যুগল, হাতির হামলায় প্রাণ গেল দু’জনেরই]
কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার কারণে হাতের আঙুলগুলি ক্ষয়ে গিয়েছে বহুদিন আগেই৷ ফলে, কোনভাবেই আধার কার্ড তৈরি করা আর সম্ভব হয়নি৷ আধার কার্ড না থাকায় আটকে পেনশন৷ ব্যাংক জানিয়েছে, আধার কার্ড ছাড়া কোনভাবেই তারা আর পেনশনের টাকা দিতে পারবে না৷ পেনশনের টাকা না পেয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েতে জানিয়েও এই বিষয়ে কোন সাফল্য মেলেনি৷ মেলেনি সুরাহা৷ পেনশন আটকে যাওয়ার কারণে রীতিমতো অর্থ সঙ্কটে ভুগছে তিনি৷ পেট চালাতে তাই মেয়ে-জামাইয়ের কাছে গঞ্জনাও শুনতে হচ্ছে৷ অবসর জীবনের কষ্টার্জিত হকের টাকা পেতেও স্রেফ আধার কার্ড না থাকায় ঘুরতে হচ্ছে তাঁকে৷ হাতের আঙুল না থাকলেও চোখের রেটিনার ছাপ দিয়েও আধার কার্ড তৈরি করা সম্ভব কিনা তা জানতে চেয়ে চেনা-জানা বিভিন্ন মানুষের কাছে যাওয়াই এখন একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে হরির৷ বারংবার হেনস্তার শিকার হওয়ার পর তিনি বলেন,“রক্ত ঘাম ঝরিয়ে খনিতে কাজ করেছি৷ অবসরের পর যে পেনশনের টাকা পেতাম তাও বন্ধ করে দিয়েছে ব্যাংক৷ এইভাবে চললে আমাকে মৃত্যুর আবেদন করতে হবে প্রশাসনের কাছে৷” দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, “বেশ কিছুদিন ধরেই এই ধরনের সমস্যার অভিযোগ আসছে প্রশাসনের কাছে৷ আমরাও সংশ্লিষ্ট মহলে এই অভিযোগগুলি পাঠিয়ে দিয়েছি৷ কিন্তু, এখনও কোনও সুরাহা হয়নি৷ যে সমস্ত সংস্থা এই আধার কার্ড তৈরির কাজ করছে তাদেরই একটি বিকল্প রাস্তা বের করতে হবে এই সমস্যার সমাধানে৷”
সর্বশেষ খবর
-
অযোধ্যা, বৈষ্ণো দেবীর পর চুরির অভিযোগ গুজরাটের অম্বাজি মন্দিরেও! সিসিটিভিই চিনিয়ে দিল অভিযুক্তদের
-
ফের রণক্ষেত্র মণিপুর! অসম রাইফেলসের ক্যাম্পে হামলা উন্মত্ত জনতার, একাধিক গাড়িতে আগুন
-
‘লাভ জেহাদ’-এর অভিযোগ থেকে ‘ফতোয়া’ জারি, নীরবতা ভেঙে আমির বললেন…
-
ফের বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি! রথে দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
-
‘দম থাকলে ব্রিগেডে যান’, একুশে জুলাই নিয়ে ‘কালীঘাট তৃণমূল’কে তোপ দিলীপের