সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিতে তিনি একাই এসেছেন। খালি হাতে গেরুয়া শিবিরে যাত্রা শুরু হলেও মুকুল রায় বুঝিয়ে দিলেন তৃণমূল ভাঙতে তিনি তৈরি। তবে এর জন্য কিছুটা ধৈর্য ধরতে হবে।
তবে কোন পথে তিনি শাসক দলকে ভাঙাবেন? রহস্য জিইয়ে বিজেপি নেতা জানালেন, অপেক্ষা করুন, অনেকেই বিজেপিতে আসবেন। এই তালিকায় কি তাঁর ছেলে রয়েছেন? তা নিয়ে তিনি না ভাঙলেও, দল ভাঙনের ব্যাখ্যা হিসাবে মুকুলের যুক্তি, ১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরির সময় কোনও বিধায়ক আসেনি। কিন্তু ২০০১ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে অনেকেই যোগ দিতে রাজি হন। আগামী কয়েক মাসের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হবে বলে মুকুল ইঙ্গিত দিয়েছেন। মুকুলের দাবি অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। আর পঞ্চায়েত ভোট থেকে তৃণমূলের শেষের শুরু। প্রথম ধাক্কা হবে পঞ্চায়েতে। ২০১৯-এ লোকসভায় চমকে দেবে বিজেপি আর ২০২১-এ হবে পালাবদল। মাত্র দু’জন সাংসদ, তিনজন বিধায়ক। এই ক্ষমতায় কীভাবে শাসক দল চ্যালেঞ্জ ছুড়বে বিজেপি? মুকুলের ব্যাখ্যা ২০০৮-এ পঞ্চায়েত ভোটে সিপিএমকে হারাতে কংগ্রেস, পিডিএসের সঙ্গে হাত মিলিয়েছিল তৃণমূল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে একই কায়দায় শাসক দলকে প্যাঁচে ফেলতে চায় বিজেপি।
সোমবার মুকুল রায়কে নিয়ে বিজেপি কর্মী, সমর্থকদের আগ্রহ থাকলেও রাজ্য বিজেপির একাধিক প্রথম সারির নেতা মুকুল বরণ অনুষ্ঠানে গরহাজির ছিলেন। এমনকী গত কয়েক দিনে মুকুল রায়কে কার্যত তাচ্ছিল্য করেছেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি এবং অন্যান্য নেতাদের সঙ্গে কাজ করতে তার কতটা সমস্যা হবে? এখানেও আদি এবং নব্য বিজেপির সংঘাত হবে না? এর জবাবে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা মনে করেন এমন পরিস্থিতি সম্ভব নয়। কারণ এখন তৃণমূলকে সরানোই তাদের লক্ষ্য। তার জন্য মতপার্থক্য ভুলে সবাই ঝাঁপিয়ে পড়বে।
তৃণমূল ত্যাগ নিয়ে মুকুলের দাবি দলে ক্রমশ দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল। কথা বলার জায়গা ছিল না। সিপিএম বিরোধিতা থেকে তৃণমূল সরে এসেছে। রাজ্যের শাসক দল ছেড়ে কেন্দ্রের শাসক দলে যোগ দেওয়ার সর্বভারতীয় স্তরে কাজের সুযোগ মিলল বলে মুকুল মনে করেন। তবে এদিন তিনি ফের দাবি করেন নারদ এবং সারদা থেকে কোনও টাকা নেননি। সারদাতে নিজের নাম ছিল না বলে মুকুল জানিয়ে দেন। পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ টাকা নেওয়ার বিষয় প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেবেন।
সর্বশেষ খবর
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর