সোমনাথ পাল, বনগাঁ: কথায় বলে রক্তের কোনও জাত, ধর্ম, রং হয় না। প্রাণ বাঁচাতে সবাই এক, ফের প্রমাণ হল। রাজনীতির দুই মেরুর দুই প্রার্থীর হাত ধরে ফিরল মানবিকতা। প্রতিপক্ষ রাজনৈতিক নেতাকে আক্রমণ যেখানে আকছার ঘটছে, সেখানেই প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী পাশাপাশি বেডে শুয়ে রক্ত দিলেন তৃণমূল ও বিজেপির প্রার্থী। মুমূর্ষু রোগীকে বাঁচাতে কাঁধে কাঁধ মিলিয়ে চলল দুই প্রতিপক্ষের লড়াই। সৌজন্যতাই মিলিয়ে দিল সীমান্তবর্তী গ্রামের রাজনীতিকদের। এমনটাই দাবি দু’দলের কর্মী সমর্থকদের। ঘটনাস্থল বনগাঁ সীমান্তের কালোপুর পঞ্চায়েতের উনাই গ্রাম।
[ভোলবদল, দল ছেড়ে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামলেন তিন বিজেপি প্রার্থী]
ওই গ্রামের নেতাজি ফাউন্ডেশনের তরফে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হয়েছিল মঙ্গলবার। সেখানেই রক্তদান করলেন গ্রামেরই তৃণমূল ও বিজেপি শিবিরের দুই প্রার্থী। এঁরা হলেন তৃণমূলের প্রশান্ত দফাদার ও বিজেপির প্রশান্ত মণ্ডল। দু’জনেই রক্তদান শিবিরের বেডে পাশাপাশি শুয়েই দিলেন রক্ত। আর রক্তদানের পর তাঁদের বক্তব্য কিন্তু মিলেই গেল। বললেন, ‘আগে আমরা মানুষ। তারপর রং। তারপর রাজনীতি। মানুষ হয়ে মানুষের সেবায় নিজেদের কাজে লাগাতে পারলে তবেই তো স্বার্থক জীবন।’ ঘটনায় ওই এলাকার ভোটারদের বক্তব্য, রাজনৈতিক লড়াইয়ে যেই জয়লাভ করুক না কেন, তা তো ভোটের ফলপ্রকাশের পর জানা যাবে। কিন্তু এই মহৎ কাজে যোগ দিয়ে ভোটের আগে দুই প্রার্থীই মানুষের মন জয় করে নিলেন। এই জয় যে ভোট পরবর্তী জয়ের থেকে অনেকাংশেই এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না।

রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ে যখন একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছে, তখন এই রক্তদান দৃষ্টান্ত বইকি। তবে সৌজন্যের তালিকায় আরও নজির রয়েছে। বর্ধমানের কালনায় শাসক তৃণমূল ও সিপিএম প্রার্থীর দেওয়াল লিখন ঠাঁই পেয়েছে এক দেওয়ালেই। রাজ্যজুড়ে যখন মনোনয়নে অশান্তির অভিযোগ তুলে শাসকদলকে কোণঠাসা করার চেষ্টার অভিযোগ উঠেছে বিরোধীদের দিকে। যেকারণে বার বার পঞ্চায়েত ভোটের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সময়ে এই কালনাতেই নির্বিঘ্নে হয়েছে মনোনয়ন পেশ। বিরোধী প্রার্থীদের চাপের মুখে যেমন মনোনয়ন প্রত্যাহার করে নিতে হয়নি। তেমনই মনোনয়ন জমা দিতে গিয়েও বাধার মুখে পড়েননি প্রার্থীরা। ফের সৌজন্যের নজির দেখল বাংলা। এবার উত্তর ২৪ পরগনার বনগাঁ। রক্ত দিয়ে মানবিকতার বন্ধনকে আরও সুদৃঢ় করলেন দুই রাজনৈতিক প্রতিপক্ষ।
[কে বেশি জনপ্রিয়, পঞ্চায়েতের সম্মুখ সমরে এবার শ্বশুর বনাম জামাই]
সর্বশেষ খবর
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে
-
ইথানলের মিশ্রণে গাড়ির ক্ষতি না হওয়ার দাবি, গড়করিকে পালটা ‘চ্যালেঞ্জ’ সমাজকর্মীদের
-
সেবাশ্রয়ের ‘ভুলে’ বাদ পা! অভিষেক-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মহিলার