সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বেলাগাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুঁড়ে এবার নতুন দল গড়ার ইঙ্গিত তাঁর। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই নতুন দল গড়বেন বলেই জানান তিনি।
হুমায়ুন কবীর বলেন, “তৃণমূলে আর নয়। ২০ ডিসেম্বরের মধ্যে নতুন দল গড়ব।” নতুন দলে নিজেকেই চেয়ারম্যান হিসাবে ঘোষণা করেন হুমায়ুন। তিনি বলেন, “আমি দল গঠন করলে তৃণমূল বুঝবে, জেলায় ওরা কী হারিয়েছে। আমি না থাকলে মুর্শিদাবাদে ১০টি আসনও পাবে না তৃণমূল।” প্রসঙ্গত, সপ্তাহভর একের পর এক চ্যালেঞ্জ দলকে ছুঁড়ে দিয়েছেন তিনি। গত বুধবার ভরতপুরের এক অনুষ্ঠানে তৃণমূলকে বারবার নিশানা করেন হুমায়ুন। তাঁর দাবি, বলেন, “দল যদি মনে করে আমার মতো অসভ্য ব্যক্তিদের দরকার নেই, তার ৪৮ ঘণ্টার মধ্যে দেখিয়ে দেব মুর্শিদাবাদের রাজনীতির রং কীভাবে পাল্টাবে।” তাঁর আরও দাবি, “সম্মান দিয়ে নেতৃত্বের জন্য এখনও অপেক্ষা করছি। আমাদের লেজে পা দিলে, আমরাও ছোবল মারতে জানি।”
নাম না করে বিধায়ক অপূর্ব সরকারও পালটা তোপ দাগেন। তাঁর খোঁচা, “২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে সালার, ভরতপুরের ওসিকে ব্যবহার করে গণনাকেন্দ্রে কীভাবে অরাজকতা তৈরি করে নির্বাচিত হয়েছিল জানি। দুঃখের বিষয়, আজ পর্যন্ত সেইসব প্রধানদের সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। তারা শুধু জমি লুট করতে ব্যস্ত। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। তোমাকে এখানে লুট করে খেতে দেব না।”
উল্লেখ্য, বেফাঁস মন্তব্য করে বারবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ন কবীর। বারবার দলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। ক্য়ামাক স্ট্রিটের বৈঠকে হুমায়নকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও সতর্ক করেছেন। সাফ বুঝিয়ে দিয়েছেন, এসব চলবে না। বিধায়ককে কড়া বার্তা দেন, “দলের নিয়ম মানতে হবে। প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করলে পদক্ষেপ করা হবে।” তবে তা সত্ত্বেও রাশ টানা যাচ্ছে না। একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন হুমায়ুন। শেষমেশ দলের তরফে আদৌ কোন পদক্ষেপ নেওয়া হয় কিনা, সেটাই দেখার।
সর্বশেষ খবর
-
রবিবার দেশজুড়ে ফের নিট, ‘বারবার পরীক্ষা দিয়ে ক্লান্ত’, পরীক্ষার আগেই আবারও আত্মঘাতী পড়ুয়া!
-
‘বিশ্বের উন্নতিতে প্রয়োজন যোগ’, রেড রোডে আমজনতার ভিড়ে মিশে যোগাভ্যাস মোদির
-
বেসন নাকি চালগুঁড়ি, পকোড়া খাস্তা বানাতে রান্নাঘরে কোনটি না হলেই নয়?
-
বিজ্ঞাপনের মতো ‘স্মুদ-সিল্কি’ চুল পেতে শুধুই শ্যাম্পু? কাজে লাগান সহজ টোটকা
-
নকআউটে নিশ্চিত জার্মানি-সহ তিন দল, কোন অঙ্কে পৌঁছতে পারে ব্রাজিল-পর্তুগাল?